|
আলফাডাঙ্গায় চুরি হওয়া ভ্যানসহ চোর আটক, থানায় মামলার প্রস্তুতি
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় চুরি হওয়া ভ্যানসহ চোর আটক, থানায় মামলার প্রস্তুতি জানা যায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ফলিয়া গ্রামের লাভলু শেখের ছেলে দুলালের ঘরের তালা ভেঙে তার ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়। পরদিন সকালে অনেক খোঁজাখুঁজির পর দুলালের পরিবারের সদস্যরা জানতে পারেন যে চোর ভ্যানটি নিয়ে বোয়ালমারী উপজেলার ওয়াপদার মোড়ে বডি বদলাতে গেছে। সেখানে গিয়ে তারা দেখতে পান, শেখপুর চরের (সাবেক ফলিয়া গ্রাম) মৃত পান্নু শিকদারের ছেলে আব্দুল্লাহ (৩৫) ভ্যানটির বডি পরিবর্তনের চেষ্টা করছে। এ সময় স্থানীয়দের সহায়তায় আব্দুল্লাহকে হাতেনাতে ধরে ফেলে দুলালের পরিবার। আটক হওয়ার পর আব্দুল্লাহকে ভ্যানসহ ফলিয়া গ্রামে দুলালদের বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। তারা ভ্যানটি জব্দ করেন এবং তদন্ত শেষে চোর আব্দুল্লাহকে দুপুর ১টার দিকে থানায় নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, চোর আব্দুল্লাহর ভগ্নিপতি মহব্বত, যিনি বুড়াইচ নতুন বাজারের একটি গ্যারেজের মালিক, এই চুরির সঙ্গে জড়িত। আব্দুল্লাহ আটক হওয়ার সময় মহব্বত কৌশলে সেখান থেকে পালিয়ে যান। ভ্যান মালিকের মামা আমিনুর জানিয়েছেন, তারা আব্দুল্লাহর বিরুদ্ধে দ্রুত একটি মামলা দায়ের করবেন। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ফলিয়া গ্রাম থেকে ভ্যান চুরির ঘটনায় ভ্যানসহ একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
