ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আল্টিমেটামের পরও সাড়া না পেয়ে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 September, 2025, 6:52 PM

আল্টিমেটামের পরও সাড়া না পেয়ে  শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

আল্টিমেটামের পরও সাড়া না পেয়ে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ইন ভেটেরিনারি ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করেছেন। একইসঙ্গে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হল ত্যাগের আদেশ প্রত্যাহারের জন্য দুপুর ২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শিক্ষার্থীরা পরবর্তীতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করে আন্দোলন চালিয়ে যান।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা রেললাইন অবরোধের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে রেললাইনের দিকে অগ্রসর হন।

পরে শিক্ষার্থীরা আব্দুল জব্বারের মোড়সংলগ্ন রেললাইনের ব্যারিকেড নামিয়ে দেন। ফলে রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহগামী রেললাইনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

এসময় শিক্ষার্থীরা প্রশাসনের তালবাহানা, 'মানি না মানব না', 'প্রশাসনের কালো হাত ভেঙে দাও', 'গুঁড়িয়ে দাও', 'কথায় কথায় হল ছাড়, হল কি তোমার বাব-দাদার?' ইত্যাদি স্লোগান দেন।

জানা যায়, পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে রোববার জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পশুপালন, ভেটেরিনারি ও কম্বাইন্ড-এই তিনটি ডিগ্রি বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে তা মেনে নেননি আন্দোলনরত শিক্ষার্থীরা।

আল্টিমেটামের পরও সাড়া না পেয়ে  শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

আল্টিমেটামের পরও সাড়া না পেয়ে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

আন্দোলনে অংশগ্রহণকারী পশুপালন অনুষদের শিক্ষার্থী রাকিব জানান, 'গতকাল আমরা বহিরাগতদের দ্বারা নির্মম হামলার শিকার হয়েছি। এই হামলায় সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন। আমরা প্রশাসনকে হল ছাড়ার নির্দেশ প্রত্যাহারের জন্য দুপুর ২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলাম। কিন্তু প্রশাসন তা তাচ্ছিল্য করেছে। আমাদের সঙ্গে তারা কোনো আলোচনায় বসতে চায়নি। তাই এখন আমরা অনেকটা নিরুপায় হয়ে রেললাইন অবরোধ করতে এখানে এসেছি। দাবি না মানা পর্যন্ত অবরোধ চলমান থাকবে।'

পশুপালন অনুষদের আরেক শিক্ষার্থী আরিফ জানান, 'আমরা যে ৬ দফা দাবি দিয়েছি, তার সমাধানের জন্যই রেল অবরোধ করেছি। আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই, পরীক্ষা দিতে চাই। প্রশাসন আসুক আমাদের সঙ্গে আলোচনায় বসুক এবং দাবি বাস্তবায়ন করুক। জনগণের ভোগান্তি হোক তা আমরা চাই না।'

আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নারী শিক্ষার্থী জানান, 'সকাল থেকে আমরা আন্দোলন করছি। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাইনি। অনেকটা নিরুপায় হয়েই আমরা এখানে এসেছি। আমরা ক্লাসে ফিরতে চাই, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status