ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রেলপথ অবরোধে আটকা ৮ ট্রেন, ঢাকার সঙ্গে উত্তরের যোগাযোগ বিচ্ছিন্ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 13 August, 2025, 3:07 PM

রেলপথ অবরোধে আটকা ৮ ট্রেন, ঢাকার সঙ্গে উত্তরের যোগাযোগ বিচ্ছিন্ন

রেলপথ অবরোধে আটকা ৮ ট্রেন, ঢাকার সঙ্গে উত্তরের যোগাযোগ বিচ্ছিন্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলপথ ব্লকেড করে আন্দোলন অব্যাহত রেখেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় প্রান্তে ৮টি ট্রেন আটকা পড়েছে।

এর মধ্যে ৭টি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন রয়েছে। টানা ৫ ঘণ্টা ধরে চলা রেলপথ ব্লকেড কর্মসূচিতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ শুরু করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্লকেড কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, রেলসড়ক টানা ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকায় ইতোমধ্যে ভয়াবহ শিডিউল বিপর্যয় শুরু হয়েছে।  

পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিবহন বিভাগের এই কর্মকর্তা জানান, ইতোমধ্যে ৭টি ট্রেন আটকা পড়েছে। এগুলো হলো—ঈশ্বরদীতে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস, ভাঙুড়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস, শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস এবং চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন।

হাসিনা খাতুন আরও বলেন, ধুমকেতু এক্সপ্রেস ২টার দিকে রাজশাহী এসে আবার ৪টায় পদ্মা হয়ে ছেড়ে যাবার কথা ছিল। অপরদিকে সিল্কসিটি এক্সপ্রেস ঢাকায় পৌঁছানোর পর পৌনে তিনটায় আবারও রাজশাহীর অভিমুখে ছেড়ে আসার কথা। এ ছাড়াও রংপুর এক্সপ্রেস রংপুরে ও কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রামে পৌঁছে আবারও ঢাকায় ফেরার কথা। কিন্তু এসব ট্রেন এখন পর্যন্ত বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। ফলে ভয়াবহ শিডিউল বিপর্যয়ে পড়েছে ঢাকা-উত্তরাঞ্চল রেলপথের ট্রেনগুলো।  

এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে রোববার (১০ আগস্ট ২০২৫) হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেদিন ৪৮ ঘণ্টার সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। এরপরও সরকারের কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া আমরা পাইনি। আজকে ৪৮ ঘণ্টা শেষ। বুধবার উল্লাপাড়া স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আট বছরেও ক্যাম্পাস নির্মিত হয়নি—এটা দুর্ভাগ্যজনক। শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের চরম ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষাকার্যক্রম চালানো হচ্ছে। এভাবে আর চলতে পারে না। আমরা ক্যাম্পাস চাই। ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না।

প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন।  

গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status