|
রোপা আমন রোপণের প্রস্তুতি নিতে তাড়াশে মাঠে ব্যস্ত কৃষক
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() রোপা আমন রোপণের প্রস্তুতি নিতে তাড়াশে মাঠে ব্যস্ত কৃষক সরেজমিনে দেখা গেছে, রোপা আমন ধান আবাদের লক্ষ্যে উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে ব্যস্ততা বেড়েছে। আমন রোপণের জন্য জমি উপযুক্ত করতে সেচ কাজ, জমি চাষ, জমি সমান করতে জমিতে মই দেওয়া ও রোপা আমন ধানের চারা তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। ট্রাক্টর, পাওয়ার টিলার ও কেউ কেউ গরু দিয়ে হালচাষ করছেন। খাল বা ডোবা পুকুর থেকে কোথাও কোথাও গভীর নলকূপ থেকে চলছে জল সেচ। এ বছর এই উপজেলায় রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৮৯০ হেক্টর। রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগ প্রান্তিক কৃষকদের পাশে আছেন। স্থানীয় কৃষি বিভাগ বলছেন, এ বছর মৌসুমে আবহাওয়া রোপা আমন চাষের উপযোগী থাকলে ফলনে লাভবান হবেন কৃষকরা। উপজেলার তালম ইউনিয়নের গোন্তা এলাকার কৃষক আসলাম হোসেন জানান, এ বছর রোপা আমন মৌসুমে তিনি ৩২ শতক জমিতে রোপা আমন আবাদ করবেন। এ জন্য তিনি বীজতলা থেকে ধানের চারা তোলায় ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে জমি প্রস্তুত করতে হালচাষ ও জমিতে জলসেচ করায় দিন পার করছেন। উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বড় মাঝদক্ষিনা এলাকার কৃষক আব্দুল মমিন বলেন, গত বছর আমি ৪৪ শতক জমিতে রোপা আমন আবাদ করেছিলাম। ফলনও ভালো পেয়েছিলাম। এ বছরও ৫০ শতক জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যে জমি প্রস্তুতের কাজ করছি। আশা করছি প্রাকৃতিক কোনো সমস্যা না হলে এ বছরও ভালো ফলন পাব। উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার এলাকার কৃষক নাজমুল হোসেন জানান, এ বছর তিনি স্থানীয় কৃষি অফিসের পরামর্শে খালের পাশের কিছু জমিতে আগাম রোপা আমন ধান রোপণ করেছেন। পাশের খাল থেকে সেচ কাজ পরিচালনা করছেন। এ ছাড়াও এ বছর তিনি আরও ৬০ শতক জমিতে রোপা আমন আবাদ করবেন। কিছু কিছু জমি প্রস্তুত করছেন। বীজতলায়ও এ বছর ঘাটতি না থাকায় ধানের চারার সংকট হবে না তার। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আমিলিয়া জান্নাত বলেন, এই মৌসুমে এই উপজেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৮৯০ হেক্টর জমিতে নির্ধারণ করা হয়েছে। রোপা আমন ধান চাষে উপজেলার কৃষকদের আগ্রহী করার জন্য ইতিমধ্যে আমরা ২৬০০ কৃষককে ধানের বীজ সার প্রণোদনা হিসেবে সহায়তা করেছি। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিনিয়ত মাঠে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। খুব শিগগিরই রোপা আমন ধান রোপণ শুরু হবে এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আশা করছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
