|
কোনাবাড়ি কারখানা শ্রমিককে পিটিয়ে হত্যা ; আরো একজনসহ মোট গ্রেপ্তার-৪
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() কোনাবাড়ি কারখানা শ্রমিককে পিটিয়ে হত্যা ; আরো একজনসহ মোট গ্রেপ্তার-৪ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) সালমান নূর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ জুন রাতে কোনাবাড়ী এলাকায় গ্রিনল্যান্ড লিমিটেড নামের একটি পোশাক কারখানায় শ্রমিক হৃদয়কে (১৯) চোর সন্দেহে বেঁধে রাতভর নির্যাতন করা হয়। নির্যাতনে মৃত্যু হলে গোপনে তার মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরদিন ২৮ জুন নিহতের ভাই লিটন মিয়া বাদি হয়ে কোনাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় প্রধান আসামি মেকানিক্যাল ইনচার্জ মো. রাশেদুল হাসান (৩৩)। র্যাব জানায়, গত ২ জুলাই সিরাজগঞ্জের তাড়াশ থানাধীন খালকুলা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাশেদুলকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী ওইদিন রাতেই টাঙ্গাইলের মধুপুর থেকে সিকিউরিটি গার্ড মো. শামীম আহমেদ (৩৭) এবং পাবনার সাথিয়া থেকে আরেক মেকানিক্যাল ইনচার্জ কাওছার হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়। এছাড়া, গত ১ জুলাই গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বেল্লাল হোসেন (৪৩) নামের আরেক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। এদিকে, ঘটনারদিন-সহ গতকালও হৃদয়ের মৃত্যুতে স্থানীয় ওই পোষাক কারখানার শ্রমিকরা ক্ষোভে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে হত্যার বিচার দাবি করেন। কারখানা কর্তৃপক্ষ পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন বলেও জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
