মাকে ছাড়া প্রথম জন্মদিন, খোলা চিঠিতে যা লিখলেন পূজা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 August, 2024, 1:51 PM
মাকে ছাড়া প্রথম জন্মদিন, খোলা চিঠিতে যা লিখলেন পূজা
বেশ কিছুদিন অসুস্থতার পর গত ২৪ মার্চ মাসে না ফেরার দেশে চলে গেছেন চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। যার জন্য পৃথিবীর আলো দেখেছিলেন, সেই মা আজ আর নেই। মা হারানোর শোক কাটতে না কাটতেই এসে গেলো পূজা চেরির জন্মদিন। আজকের জন্মদিনটা পূজার কাছে তাই বিবর্ণ। তাই হয়তো বিশেষ এই দিনে মায়ের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন পূজা।
হঠাৎ হারিয়ে যাওয়া মাকে উদ্দেশ্য করে পূজা লিখেছেন, ‘মা, এই প্রথম তোমাকে ছাড়া আমার জন্মদিন এসে গেল। খুব করে মনে পরছে গত বছরের কথা। তোমার শরীরটা তেমন একটা ভালো ছিলো না কিন্তু আমি মন খারাপ করে তোমার সাথে একটু উচ্চ স্বরে বলে উঠলাম সবার মা কিছু না কিছু করে, তুমি তো আমার জন্য পায়েসও বানাচ্ছ না। তুমি সেই দুর্বল শরীর নিয়ে আমার জন্য পায়েস বানিয়ে নিয়ে আসলে। যদিও পায়েসটা ভালোভাবে রান্না হয়নি। একটু চাল চাল ছিল তারপরও বানিয়ে নিয়ে এসেছিলে তো, এটাই অনেক। কিন্তু মামুনি এইবার ও যে সেই একই পায়েস খেতে ইচ্ছে করছে তোমার নিজ হাতে বানানো । উফ, কান্নায় চোখটা ভরে উঠছে। তুমি নেই ৬ মাস হল। কত দিন তোমাকে দেখি না মামুনি।’
পূজা আরও লিখেছেন, ‘জানি না সৃষ্টিকর্তা আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে। তবে যতদিন বেঁচে থাকবো কীভাবে বুকে এই আটকে থাকা কষ্টকে দমিয়ে রাখবো? তা তো সম্ভব না। তবে একটা কথা কী জানো? তুমি আজকে আমার নতুন করে জন্ম দিলে। নতুন এক পূজা। যার কিনা একাই লড়াই করতে হবে। আমি জানি তুমি আমাকে দেখছো। তুমি সবসময় আমার পাশে আছো, তাইতো এখন পর্যন্ত কোনো কালোছায়া আমাকে ঘিরে রাখতে পারেনি। তুমি তোমার কথা ঠিক রাখছো।’
মাকে দেওয়া কথা রাখতে জন্মদিনে প্রতিজ্ঞাবদ্ধ পূজা। তার কথায়, ‘এইবার আমার পালা। দেখবে তোমাকে দেওয়া কথা আমি ঠিকই রাখব। তোমার অস্তিত্ব কারো কাছে না থাকলেও আমার কাছে সবসময় থাকবে। তুমি আছো, আমার পাশেই আছো। এই যে আমি এত কথা লিখছি, আমি তো অনুভব করছি তুমি আমার পাশেই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছো।’
সব শেষে পূজা লিখেছেন, ‘জন্মদিনে স্বার্থপরের মতো একটা কিছু চাইবো মামুনি। এপারে তো নিজের রাখোনি, সবসময় আমার খেয়ালই করে গেছ। ওপারে অন্তত নিজের খেয়াল রেখো মামুনি। ভালো থেকো আমার লক্ষী মামুনি। তোমার মেয়েটা আর কিছু লিখতে পারছে না চোখ ভর্তি জল চলে আসছে আর চোখটা ব্যাথা করছে। অনেক ভালোবাসি।’