এনায়েত হোসেন সিরাজ বা মাহবুবুল আনাম বিষয়টি তদন্ত হিসেবে দেখতে চান না। অথচ তাদের কাজকর্মের সবকিছু তদন্ত কমিটির মতো। ক্রিকেটার, কোচিং স্টাফ, বিসিবির কর্মকর্তা– সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন। যদিও তারা মিডিয়ার সামনে বলছেন, মতামত নিচ্ছেন। মতামত নেওয়ার জন্য এভাবে ঘটা করে কমিটি গঠন করার কেন প্রয়োজন হলো? এ নিয়ে কথা উঠলেই তথাকথিত পারফরম্যান্স মূল্যায়ন কমিটি বিষয়টি এড়িয়ে গেছে বেশির ভাগ সময়।
গতকাল গ্র্যান্ড সিলেট হোটেলে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সাক্ষাৎকার শেষে মূল্যায়ন কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ গতানুগতিক বক্তব্য পেশ করেন। কিন্তু ভেতরের কথা হলো সাকিব-তামিমের কাছে অনেক জিজ্ঞাসা ছিল এনায়েত হোসেন সিরাজের কমিটির। মাহবুবুল আনাম, আকরাম খানরা খুঁটিয়ে খুঁটিয়ে ভেতরের কথা জানতে চেয়েছেন। দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে শেষ হলো পারফরম্যান্স মূল্যায়ন কমিটির সাক্ষাৎকার পর্ব। এবার রিপোর্ট প্রস্তুত করে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করা হবে বলে জানান সিরাজ।
মূল্যায়ন কমিটির দায়িত্ব ছিল বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে ভবিষ্যতের দিকনির্দেশনা দেওয়া। বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে সম্পৃক্তদের সাক্ষাৎকার নেওয়ার কথা। সিরাজের কমিটি বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকেও সাক্ষাৎকার নিয়েছে তামিম ইকবালের। বাঁহাতি এ ব্যাটার জানেন না তাঁকে কেন তদন্ত কমিটির মুখোমুখি হতে হলো। মজার ব্যাপার হলো, তামিমের সাক্ষাৎকার নেওয়ার সময় আকরাম খান উপস্থিত ছিলেন। স্বচ্ছ তদন্তের ক্ষেত্রে যেটা অন্তরায় মনে করা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে সিরাজ বলেন, ‘এটা তো তদন্ত কমিটি না। তদন্ত হলে প্রশ্ন তোলার সুযোগ ছিল। আমাদের পুরোটা পর্যালোচনা করার দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে আমরা হয়তো আশানুরূপ পারফর্ম করতে পারিনি। কী কারণে পারিনি, কী সমস্যা ছিল– এগুলো আমদের বের করার দায়িত্ব দিয়েছে। ভবিষ্যতে আরও যে প্রতিযোগিতা আছে, আমরা যেন এ ধরনের সমস্যায় না পড়ি। সে জন্য নির্দেশনা দিতে বলা হয়েছে।’