ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ভোটের আগে বৈঠকে বসছে হেফাজত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 December, 2023, 11:25 PM

ভোটের আগে বৈঠকে বসছে হেফাজত

ভোটের আগে বৈঠকে বসছে হেফাজত

হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ডাকা ২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করলেও নতুন কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা করেছে। এ কর্মসূচি নির্ধারণ করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারির আগেই বৈঠকে বসতে যাচ্ছেন সংগঠনটির নীতিনির্ধারকেরা। তবে এসব কর্মসূচি নিয়ে হেফাজত ভোটের আগেই রাজপথে তৎপর হবে না কি ভোটের পরে, তাও ওই বৈঠকে নির্ধারণ হবে বলে সংগঠনের নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

সম্ভাব্য বৈঠকের বিষয়ে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মহাসমাবেশ স্থগিত করা হয়। পরবর্তী কর্মসূচি ঠিক করতে আমরা নির্বাচনের আগেই বৈঠকে বসতে পারি। এই বৈঠকেই পরবর্তী কর্মসূচি কী হবে এবং কখন হবে তা ঠিক করা হবে।’


২৯ ডিসেম্বর মহাসমাবেশ স্থগিত করা প্রসঙ্গে সাজিদুর রহমান বলেন, ‘মহাসমাবেশ নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। সেই বৈঠকে সকলের সিদ্ধান্ত মোতাবেক মহাসমাবেশ স্থগিত করা হয়। একক কোনো সিদ্ধান্তে কিছু করা হয়নি।’

যদিও মঙ্গলবার দুপুরে গনমাধ্যমের সঙ্গে আলাপকালে হেফাজতের একাধিক নেতা বলেন, ‘মহাসচিব একক সিদ্ধান্তে মহাসমাবেশ স্থগিত করেছেন। তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।’

এর আগে মঙ্গলবার হঠাৎ করে পূর্ব নির্ধারিত মহাসমাবেশ স্থগিত করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এতে বলা হয়, হেফাজতে ইসলামের নীতিনির্ধারণী ফোরামের মুরুব্বিরা (শীর্ষ নেতারা) দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ নীতিনির্ধারণী ফোরাম দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

হেফাজত সূত্র জানায়, সারা দেশে অন্তত ২৫৩টা মামলায় হেফাজত ইসলামের সাত হাজারের বেশি নেতাকর্মী এজহারভুক্ত আসামি। একাধিক মামলায় বিচারপ্রক্রিয়াও শুরু হয়েছে। বর্তমানে সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা মাওলানা মামুনুল হক, মুনির হোসেন কাসেমী, নূর হোসাইন নূরানী কারাবন্দি। গত মাসে কারামুক্ত হয়েছেন হেফাজত নেতা রফিকুল ইসলাম মাদানী।

প্রসঙ্গত, ৮ ডিসেম্বর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর ফটকে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের নামে হওয়া সব মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status