ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
অতি লুকোচুরিতে আর্জেন্টিনায় যাওয়া অনিশ্চিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 March, 2023, 11:07 AM

অতি লুকোচুরিতে আর্জেন্টিনায় যাওয়া অনিশ্চিত

অতি লুকোচুরিতে আর্জেন্টিনায় যাওয়া অনিশ্চিত

শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক সালেহ জামান সেলিম খুবই হতাশ। তার দলের ফুটবলার জামাল ভুঁইয়া আর্জেন্টিনার তৃতীয় বিভাগের সোল দে মায়োতে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু সেটা নিয়ে জামাল ভুঁইয়া নাকি লুকোচুরি করেছেন। একটা দেশ হতে আমন্ত্রণ আসতেই পারে। সেটা সবাইকে সুন্দরভাবে জানিয়ে দিলে বিষয়টা সহজ হয়ে যায়। কিন্তু তা না করে জামাল নাকি বিষয়টা নিয়ে লুকোচুরি করেছেন।

আর্জেন্টিনা হতে আমন্ত্রণ আসা না আসা নিয়ে জামাল নাকি একবার হ্যাঁ বলেন, আরেকবার না বলেন। এই নিয়ে গোলকধাঁধার মধ্যে পড়ে যান শেখ রাসেলের কর্মকর্তারা। সালেহ জামান সেলিমের হতাশার জায়গা এটাই। তারপরও তিনি নিজের পক্ষ হতে জামালের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছেন সালাহে জামান সেলিম। তবুও জামাল ভুঁইয়ার আর্জেন্টিনা যাওয়া হচ্ছে না। অনুশীলন ক্যাম্প করতে জামাল ভুঁইয়া সহ ১১ ফুটবলার আজ রাতে সৌদি আরবের মদিনায়।

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফোনে জানিয়েছেন তার আকুতির কথা। সংবাদ মাধ্যমের সহযোগিতাও চাইলেন। কয়েকটি নামও উল্লেখ করলেন যারা চাইলে শেখ রাসেল থেকে অনুমতি নিয়ে দিতে পারেন বলে জামালের বিশ্বাস। জামালের কাছে জানতে চাওয়া হয়েছিল তার দল শেখ রাসেল তাকে অনুমতিপত্র দিয়েছে কি না, জামাল অকপটে বললেন, ‘ওরা বলছে বাইরে খেলে লাভটা কী। দেশে খেল।’

জামাল বলেন, ‘আমাদের ১০ ম্যাচ বাকি। বসুন্ধরা কিংস অলমোস্ট চ্যাম্পিয়ন হয়ে গেছে।’ জামালের কথায় স্পষ্ট অনুমান শেখ রাসেলের চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ নেই। শেখ রাসেলের নীতিনির্ধারণী টেবিল হতে চূড়ান্ত সিদ্ধান্ত আসে। কিন্তু সেখান থেকে জামাল ভুঁইয়ার বিষয়ে সিদ্ধান্ত আসেনি। জামাল বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ করছেন। যেভাবেই হোক তিনি আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলে খেলতে চান।

জানা গেছে প্রায় ৯ মাসের জন্য সেখানে যাওয়ার আগ্রহ জামালের। মাসে প্রায় ১৬ লাখ টাকা বেতন। গাড়ি, বাসা সবই দেবে। আর্জেন্টিনার ক্লাবের খেলতে যাওয়ার বিষয়ে গত ২৭ ফেব্রুয়ারি জামালের সঙ্গে যোগাযোগ করা হলে তখন পুরো বিষয়টি উড়িয়ে দেন তিনি। জামাল জানিয়েছিলেন তার কাছে আর্জেন্টাইন ক্লাবের কোনো আমন্ত্রণ আসেনি।

জামাল বলেছিলেন, ‘আর্জেন্টিনার দুতাবাস খুলবে সেখানে বাফুফে আমন্ত্রণ জানিয়েছিল সেখানে গিয়েছিলাম। আর্জেন্টিনার লোকজন আমার সঙ্গে ছবি তুলেছেন।’

পরদিনই আবার যোগাযোগ করা হলে জামাল বলেন,‘আমন্ত্রণ পেয়েছি।’ ২৪ ঘণ্টা না যেতে সুর পালটে ফেলেন জামাল। অযথাই লুকোচুরি করেন। গতকাল পুনরায় জামাল ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে এবার তিনি পরিষ্কার করে বলেন, ‘একটা হেলপ লাগবে। এবং ইমরুল ভাইয়ের সঙ্গে কথা বলে আমার ক্লিয়ারেন্সটা আনা যায় কি না। আর্জেন্টিনার লোকজন ঢাকায়। ওরা আমাকে নেওয়ার ব্যপারে উদগ্রীব। কন্ট্রাক্ট রেডি। আমার স্বাক্ষরটাই বাকি। রিলিজ লেটার লাগবে। তা না হলে আমি যেতে পারব না।’

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের সঙ্গে যোগাযোগ করে ফোনে সাড়া পাওয়া যায়নি। সালেহ জামান সেলিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন,‘আমি যতদূর জানি অনুমতি দেবে না। আমি জামালের জন্য চেষ্টা করেছি। আমি তো সিদ্ধান্ত দেওয়ার মালিক না। এখন এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status