ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘ফারাজ’ নির্মিত হয়েছে বাংলাদেশি সাংবাদিকের বই থেকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 January, 2023, 12:38 PM

‘ফারাজ’ নির্মিত হয়েছে বাংলাদেশি সাংবাদিকের বই থেকে

‘ফারাজ’ নির্মিত হয়েছে বাংলাদেশি সাংবাদিকের বই থেকে

প্রকাশ হল বহুল আলোচিত চলচ্চিত্র ‘ফারাজ’-এর ট্রেলার। রাজধানীর ঢাকায় হলি আর্টিজানে হওয়া মর্মান্তিক সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটির মুক্তির জন্য দীর্ঘ দিন ধরেই প্রতীক্ষায় ছিল দুই দেশের দর্শকরা। মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছে ‘ফারাজ’।

ট্রেলারে, একরাতের ভয়াবহ সন্ত্রাসী হামলা ফুটে উঠেছে। সন্ত্রাসীদের মোকাবিলা করে অভিনেতা জাহান কাপুরকে বলতে শোনা যায়, ‘তোমাদের মতো লোকদের কাছ থেকে আমার ইসলাম ফেরত চাই আমি।’ জাহান প্রয়াত অভিনেতা শশী কাপুরের নাতি এবং রণবীর কাপুর এবং কারিনা কাপুরের চাচাতো ভাই। সিনেমাটির খলনায়ক চরিত্রে অভিনয় করছেন আদিত্য রাওয়াল। তিনি পরেশ রাওয়ালের ছেলে।

ঢাকা হলি আর্টিজানে হওয়া মর্মান্তিক সন্ত্রাসী হামলার উপরে নির্মিত চলচ্চিত্রটির ট্রেলারে সেই রাতের ভয়াবহতা ফুটে উঠেছে। ঢাকার বুকে জনসমাগমপূর্ণ রোস্তোঁরায় হঠাৎ করে সন্ত্রাসীদের আক্রমণ ও এলোপাতাড়ি গুলি চালিয়ে জিম্মিকৃতদের ধর্মের নামে হত্যার গল্প উঠে এসেছে ফারাজে। জিম্মিদের উদ্ধারে এগিয়ে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও দেখা গেছে ট্রেলারে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির ট্রেলার মুক্তির পরপরই প্রশংসা কুড়াচ্ছে।

ফারাজ সম্পর্কে সিনেমাটির নির্মাতা হানসাল মেহতা একটি বিবৃতিতে বলেছিলেন, ‘‘আমার কাছে ফারাজ আমাদের সময়ের একটি মর্মান্তিক গল্প। এটি এমন একটি ঘটনা যা বাংলাদেশের রাজধানীকে নাড়া দিয়েছিল। ২০১৬ সালে হলি আর্টিজানের সেই নৃশংসতাকে পর্দায় অন্বেষণ করার চেষ্টা করেছি। টানটান উত্তেজনাপূর্ণ এক রাতের গল্পে নির্মিত থ্রিলারটিতে সেই ভয়াবহ মুহূর্তটি তুলে আনার চেস্টা করেছি। পৃথিবীর কোথাও সন্ত্রাসবাদ সমর্থন করি না। যুব সমাজকে অস্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ধর্মান্ধতার বিরুদ্ধে দাঁড়ানো নৃশংসতা ও হিংসাকে পরাজিত করতে যে অসীম সাহস এবং মানবতার প্রয়োজন হয়, তার উপর আলোকপাত করেই ‘ফারাজ’ তৈরি করা হয়েছে।’’

‘ফারাজ’ নির্মিত হয়েছে বাংলাদেশি সাংবাদিক লাবুর বই থেকে। এ প্রসঙ্গে লাবু কালের কণ্ঠকে জানান, ২০১৯ সালের কোনো একদিন সিনিয়র সাংবাদিক মোর্শেদ আলী খান তার লেখা ‘হোলি আর্টিজান: একটি জার্নালিস্টিক অনুসন্ধান’ খোঁজ করেন। তিনি সেটি তাকে যোগাড় করে দেন। মাস ছয়েক পর মোর্শেদ তাকে ফোন জানান, বইটা চেয়েছিলেন তার বন্ধু, বলিউডের বিখ্যাত প্রযোজক-পরিচালক মহেশ ভাট।

এরপর নানান ধাপে মহেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান ভিশেষ ফিল্মসের সঙ্গে লাবুর যোগাযোগ এবং বইটি থেকে তাদের সিনেমা নির্মাণের বিষয়টি চূড়ান্ত হয়। ভিশেষ ফিল্মস-এর দুই কর্মকর্তার পাশাপাশি মহেশ ভাটের ভাই মুকেশ ভাটের মেয়ে সাক্সেনা ভাটের সঙ্গেও তার কথা হয় লাবুর।

চুক্তি সম্পন্নের পর লাবুর বাংলা বইটিকে তারা ইংরেজিতে অনুবাদ করেন। বই থেকে তথ্য নিয়ে নিজেদের মতো করে সিনেমাটির স্ক্রিপ্ট করেন। চুক্তির বিনিময়ে লাবুকে ৩ লাখ রুপি সম্মানীও দেওয়া হয়। তবে চুক্তির অংশ হিসেবে এতদিন বিষয়টি প্রকাশ করেননি এই সাংবাদিক। আজ সিনেমাটির ট্রেলার প্রকাশের পরই তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লাবু কালের কণ্ঠকে বলেন, ‘আমি এক্সাইটেড যে, বলিউডের কোনো একটা মুভিতে আমার সামান্যতম অংশগ্রহণ আছে। চুক্তিপত্রে ক্রেডিট লাইনে আমার ও আমার বইটার নাম দেওয়ার কথা উল্লেখ আছে। হয়তো মুভির এন্ড টাইটেলে মাইক্রো সেকেন্ডের জন্য তা দেখা যাইতেও পারে। তাতেই আমি খুশি।’

ফারাজে আরো অভিনয় করেছেন জুহি বাব্বর, আমির আলি, শচীন লালওয়ানি, পলক লালওয়ানি এবং রেশহাম সাহানি সহ প্রমুখ সিনেমাটি ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন হানসাল মেহতা এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনুভব সিনহা, টি সিরিজ ও বেনারাস মিডিয়া ওয়ার্কস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status