রোনালদোর সঙ্গে ছবি না তোলার প্রসঙ্গে বেনজেমার বক্তব্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 January, 2023, 1:00 PM
রোনালদোর সঙ্গে ছবি না তোলার প্রসঙ্গে বেনজেমার বক্তব্য
স্প্যানিশ সুপার কাপের ম্যাচ খেলতে সৌদি আরবে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে তারা। এদিকে নিজের সাবেক দলকে উৎসাহ দিতে রিয়ালের অনুশীলনে এসেছিলেন আল নাসেরের রোনালদো। সেখানে নিজের সাবেক কোচ কার্লো আনচেলত্তি ও ক্লাবটিতে তার সাবেক সতীর্থ ও বর্তমান তারকাদের সঙ্গে সময় কাটান তিনি।
পর্তুগিজ সুপারস্টারকে কাছে পেয়ে রিয়াল তারকারা তার সঙ্গে ফ্রেমবন্দি হন। ক্লাবের প্রায় সবাই রনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কোচ কার্লো আনচেলত্তি, ভিনিসিয়াস, রদ্রিগো, এডার মিলিতাদের সঙ্গে রোনালদোর ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যতিক্রম শুধু করিম বেনজেমা।
এই মুহূর্তে রিয়ালের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমার সঙ্গে কোথাও দেখা যায়নি রোনালদোকে। দুজনের পুরোনো সম্পর্কে ফাটলের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে এমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বেনজেমা। বলেছেন, নিজেদের বন্ধুত্ব প্রমাণের জন্য ছবি তুলে দেখানোর দরকার নেই।
তিনি বলেন, 'আমাদের কোনো ছবি তোলার প্রয়োজন নেই এটা প্রমাণ দিতে যে, আমরা বন্ধু। এসব ছবি ইনস্টাগ্রাম কিংবা টুইটারের জন্য, সেটা আরেক পৃথিবী।'
বেনজেমার ভাষ্য, অনুশীলনে ব্যস্ত থাকার কারণে রোনালদোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়নি। তিনি বলেন, 'আমাদের শুভেচ্ছা বিনিময়ের সময় হয়নি। কারণ আমি অনুশীলনে ছিলাম এবং তাকেও তাৎক্ষণিকভাবে অনুশীলনে নেমে যেতে হয়েছিল। আমি আশা করি, স্টেডিয়ামে তার সঙ্গে দেখা হবে। আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারব।'