নৌকা জেতাতে সব মেম্বার প্রার্থীদের শপথ করালেন নেতারা! (ভিডিও)
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 2:39 PM
নৌকা জেতাতে সব মেম্বার প্রার্থীদের শপথ করালেন নেতারা! (ভিডিও)
আমরা সকল মেম্বার প্রার্থী শপথ করছি যে, যে যেই দল করি না কেন আওলাই ইউনিয়নের মানুষের ভাগ্য পরিবর্তন করার স্বার্থে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মনোনীত প্রার্থী ইব্রাহিম সরকারের পক্ষে নৌকা মার্কার পক্ষে আজ থেকে সাত তারিখ পর্যন্ত বিজয়ী করবার জন্য আমাদের ভোটের পাশাপাশি নৌকা মার্কার ভোট নিশ্চিত করবো ইনশাআল্লাহ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ।’
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে নৌকার পক্ষে কাজ করতে এভাবেই প্রতিটি ওয়ার্ডে মেম্বার প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর শপথ বাক্য পাঠ করানোর ভিডিও চিত্র ফেসবুক আইডি থেকে পোষ্ট করলে তা ভাইরাল হয়। সেখানে দেখা যায় মেম্বার প্রার্থীদের হাত একত্রিত করে শপথ বাক্য পাঠ করাচ্ছেন অবসর চৌধুরী। সাথে ছিলেন পাঁচবিবি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কে. এম. শহীদ ইকবাল সদুসহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্য একটি ভিডিও চিত্রে দেখা যায় ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বারদের শপথ পড়াচ্ছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই এর মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ন. ম. শওকত হাবিব লজিক। নির্বাচনী মাঠে আওয়ামী লীগ নেতাদের প্রত্যক্ষ অংশগ্রহণে নির্বাচনী আচরণবিধির এমন সুস্পষ্ট লঙ্ঘনে আদৌ সুষ্ঠু ভোট হবে কি-না আতঙ্ক বিরাজ করছে অন্যান্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে।
ইউপি নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের অভিযোগ, গত নির্বাচনী গণসংযোগ শুরুর পর থেকে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে দল বেধে এসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের বিভিন্নভাবে হুমকি ও বাধা প্রদান করছেন। তাদের পোষ্টার ছিঁড়ে ফেলা থেকে শুরু করে মিটিং মিছিল কিছুই করতে দেওয়া হচ্ছে না। গ্রামে গ্রামে গিয়ে তাদের নেতা-কর্মীদের মাঠে না থাকার জন্য হুমকি দেওয়া হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী একরামুল হক চৌধুরী তাওহীদের একাধিক প্রচার মাইক ভাঙচুরের পর প্রচারম্যানকে মারপিট করে প্রচারে অংশ নিতে বারণ করা হয়েছে। একই অবস্থা কুসুম্বা ইউনিয়নেও। এ অবস্থায় ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও শঙ্কায় দিন কাটাচ্ছেন।
জানা গেছে, সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি পাঁচবিবি উপজেলার কুসুম্বা ও আওলাই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কুসুম্বা ইউনিয়নে দু’জন এবং আওলাই ইউনিয়নে সাতজন চেয়ারম্যান পদে লড়ছেন।
আওলাই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একরামুল হক চৌধুরী তাওহীদ বলেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে দল বেধে এসে গোটা ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করছে। গণসংযোগের মাঠে আমাদের নামতেই দেওয়া হচ্ছে না।
অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক বলেন, ‘গণসংযোগে গেলে নৌকার নেতা-কর্মীরা তাকে বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। তার মোটরসাইকেল চালককে প্রকাশ্যে থাপ্পর মেরে লাঞ্ছিত করার পর বলে দেওয়া হয়েছে আমি যেন কোনো প্রকার গণসংযোগ না করি। স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বলেন, নৌকার প্রার্থী ছাড়া কোনো পোষ্টার বা অফিস করতে দেওয়া হচ্ছে না। একই অভিযোগ কুসুম্বা ইউনিয়নের একমাত্র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুক্তার হেসেনেরও।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মেম্বার প্রার্থী বলেন, 'নৌকার পক্ষে কাজ করতে আওয়ামী লীগ নেতাদের চাপে তারা শপথ নিয়েছেন।'
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অবসর চৌধুরী বলেন, মেম্বার প্রার্থীরা নিজে থেকেই নৌকার পক্ষে কাজ করার জন্য শপথ নিয়েছেন। কাউকে বাধ্য করা হয়নি।
আওলাই ইউনিয়নের নৌকার প্রার্থী ইব্রাহিম হোসাইন বলেন, আমার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ সত্য নয়। একই অভিমত কুসুম্বা ইউপির নৌকার প্রার্থী জিহাদ মন্ডলেও।
মেম্বারদের শপথ বাক্য পাঠ করানো প্রসঙ্গে পাঁচবিবি উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, 'এটি আচরণবিধি লঙ্ঘন হলেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।'