তিনবার এইচএসসি ফেল করেও তিনি চিকিৎসক, গড়েছেন সম্পদের পাহাড়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 30 January, 2022, 6:52 PM
তিনবার এইচএসসি ফেল করেও তিনি চিকিৎসক, গড়েছেন সম্পদের পাহাড়
গাজীপুরের কাশিমপুর ডক্টরস হাসপাতালের চেয়ারম্যান মো. শিবলী সাদিককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি দীর্ঘদিন ধরে চীন থেকে ভুয়া এমবিবিএস সনদ নিয়ে চিকিৎসা পেশা চালিয়ে যাচ্ছিলেন।
শনিবার (২৯ জানুয়ারি) গাজীপুরের ঐ হাসপাতাল থেকে দুদকের উপপরিচালক সেলিনা আখতার মনির নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। রোববার (৩০ জানুয়ারি) বিষয়টি জানিয়েছে দুদকের জনসংযোগ দফতর।
গত ১৯ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা থেকে এমবিবিএস পাসের ভুয়া সনদ ব্যবহার করে চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন নেয়া সাত চিকিৎসককে গ্রেফতার করে দুদক। তাদের সূত্র ধরেই শিবলীকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেন, রেকর্ডপত্র যাচাইকালে দেখা গেছে তাদের এমবিবিএস সার্টিফিকেটগুলো ভুয়া। ১২ জন এমবিবিএস ডিগ্রিধারীর সনদ ভুয়া। এমবিবিএস সনদধারী ঐ ব্যক্তিরা কখনো চীনের তাইশান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেননি।
তিনি আরো বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে সরকারি যেসব কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিষয়েও আইনি ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ২০২০ সালের ২ ডিসেম্বর ভুয়া ১২ চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ঐ মামলায় শিবলী সাদিককে গ্রেফতার দেখানো হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, চীনের ভুয়া ডিগ্রি দিয়ে বিএমএ ও বিএমডিসির নিবন্ধন নিয়েছেন। এভাবে প্রতারণা করে সাভারে পাঁচতলা বাড়ি, দামি গাড়ি ও নিজের হাসপাতালসহ গড়ে তুলেছেন বিপুল সম্পদ।
মো. শিবলী সাদিক ১৯৯৮ সালে বিকেএসপি থেকে মানবিক বিভাগে এসএসসি পাস করলেও ২০০০ ও ২০০১ সালে দুবার এইচএসসি পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি। এরপর একটি প্যারাডেমিক ডিপ্লোমা ডিগ্রি ও ভুয়া এমবিবিএস সার্টিফিকেট নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর মোড়ে কাশিমপুর ডক্টরস হাসপাতালে ডা. হিসেবে চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন।