ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
চতুর্থ ধাপে ৮৩৬ ইউপিতে ভোট শুরু, সংঘাতময় পরিস্থিতির শঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 December, 2021, 9:13 AM
সর্বশেষ আপডেট: Sunday, 26 December, 2021, 10:06 AM

চতুর্থ ধাপে ৮৩৬ ইউপিতে ভোট শুরু, সংঘাতময় পরিস্থিতির শঙ্কা

চতুর্থ ধাপে ৮৩৬ ইউপিতে ভোট শুরু, সংঘাতময় পরিস্থিতির শঙ্কা

বিভিন্ন এলাকায় সহিংসতা আর সংঘাতময় পরিস্থিতির শঙ্কার মধ্যেই চতুর্থ ধাপে ৮৩৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোট শুরু হয়। শীত উপেক্ষা করে সকাল সকাল কেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররাও। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ কর্মসূচি। এ ধাপে ৭৯৮ ইউপিতে ব্যালট পেপারে এবং ৩৮টিতে ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে।

এদিকে  নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধাপের ৫৮টি জেলার ১১৮টি উপজেলায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে।

সহিংসতার শঙ্কায় স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী অন্তত ২১ জেলার ৩৮ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এত বিপুলসংখ্যক সদস্য মোতায়েনের পরও অনেক উপজেলায় নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয় ভোটাররা। আবার কোথাও কোথাও নির্বাচন উৎসবে পরিণত হয়েছে। পাবনার আটঘরিয়া, নরসিংদীর রায়পুরা ও কক্সবাজারের টেকনাফ পৌরসভায়ও ভোটগ্রহণ চলছে।

নির্বাচনসংশ্লিষ্টরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিন দিন সহিংসতার ঘটনা ও তীব্রতা দুই বেড়েছে। এর রেশ চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিনে গড়াতে পারে। এর বড় কারণ হচ্ছে, এ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপুলসংখ্যক বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রের পাহারায় পুলিশ ও আনসারের ২২ সদস্য মোতায়েন করা হয়েছে। এ নির্বাচনে ৯ হাজার ২২৪টি ভোটকেন্দ্র ও ৪৯ হাজার ৮৩২টি ভোটকক্ষ রয়েছে। এ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার রয়েছেন এক কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন। তাদের মধ্যে ৮২ লাখ ৫১ হাজার ২১১ জন পুরুষ ও ৮০ লাখ ২৩ হাজার ৪৪৯ জন নারী। এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি মোবাইল ফোর্স ও প্রতি তিন ইউনিয়নে একটি করে স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে।

প্রতি উপজেলায় র‌্যাবের দুটি মোবাইল ও একটি স্ট্রাইকিং টিম রয়েছে। একইভাবে প্রতিটি উপজেলায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও এক প্লাটুন স্ট্রাইকিং ফোর্স হিসাবে রয়েছে। যে কোনো ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্য একযোগে কাজ করছেন। এছাড়া জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন।

জানা গেছে, এ ধাপে ভোট ছাড়াই ৪৮ চেয়ারম্যানসহ ২৯৫ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান ৪৮, সংরক্ষিত সদস্য ১১২ ও সাধারণ সদস্য ১৩৫ জন রয়েছেন। বাকি পদগুলোতে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪, সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ ও সংরক্ষিত সদস্য পদে নয় হাজার ৫১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোটে না থাকলেও অনেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিয়েছেন দলটির নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status