কয়েক মাস আগে টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। গত মাসে নারী ক্রিকেটাররা প্রথমবারের মত অর্জন করেছেন ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা। জাহানারা-নাহিদারা এসব সাফল্যের পুরস্কারও পেলেন হাতেনাতে। আগামী বছরে ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ছে প্রমীলা ক্রিকেটারদের পারিশ্রমিক।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, প্রচলিত হারের চেয়ে এবার বেশি বাড়ানো হচ্ছে নারী ক্রিকেটারদের বেতন। পারিশ্রমিক বাড়ানোর বিষয়টি বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়েছে শুক্রবার (২৪ ডিসেম্বর)।
পাপন বলেন, নতুন চুক্তিতে এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি মাসে পাবেন ৬০ হাজার টাকা। বি’ ক্যাটাগরিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের বেতন হবে ৪৮ হাজার টাকা। এছাড়া সি’ ও ডি’ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৩৬ হাজার ও ২৫ হাজার টাকা। বর্তমান চুক্তিতে চার ক্যাটাগরিতে মোট ২২ জন ক্রিকেটার বোর্ড থেকে কেন্দ্রীয় চুক্তির আওতায় পারিশ্রমিক পাচ্ছেন। ইতিপূর্বে ১৯ জন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকার সুযোগ পেতেন।
এদিকে আগামী বছরের জন্য ৮৯ জন প্রথম শ্রেণির ক্রিকেটারের সাথে চুক্তি করছে বিসিবি। নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটারদের ৮৯ জন ক্রিকেটারের চুক্তির বিষয়টি আজ অনুমোদন দেওয়া হল, আগামী বছরের জন্য।