রাজধানীর পল্লবী এলাকা থেকে অপহৃত এক মেয়েকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। র্যাব-৪ এর অপারেশনস অফিসার মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানা এলাকা থেকে এক মেয়ে অপহৃত হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল ভুক্তভোগীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওই মেয়েকে উদ্ধার করে। এ সময় সেই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. আল আমিন (২১)।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে গত ৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা জেলার সাভার মডেল থানার উত্তর রাজাশন এলাকায় ওই মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে। পরবর্তীতে আসামি রাজধানীর পল্লবী এলাকায় তার নানার বাসায় ওই মেয়েকে আটকিয়ে রেখে গত ৩ নভেম্বর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে।