ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন ফেনী জেনারেল হাসপাতালে ও একজন ফেনী ডায়াবেটিক হাসপাতালে মারা গেছেন।
ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী ও ফেনী ডায়াবেটিক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. ইউনুছ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে করোনা উপসর্গ নিয়ে ফেনী ডায়াবেটিক হাসপাতালে পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়ার বাসিন্দা অহিদুর রহমান চৌধুরী। গত শুক্রবার (২ জুলাই) একইভাবে তার ছোট ভাই বেলায়েত হোসেন চৌধুরীও মারা যান। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (৫ জুলাই) রাতে মৃত্যু হয় বেলায়েত হোসেন চৌধুরীর ছেলে গিয়াস উদ্দিনের। ওই বাড়ির আরো দুইজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ৯ দিনের মধ্যে একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।
ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান, গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে একজন করোনা পজিটিভ ও তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
২০২০ সালের ১৬ এপ্রিল ফেনীর ছাগলনাইয়ার পশ্চিম মধুগ্রাম গ্রামে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনীতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ২০১ জন। তাদের মধ্যে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ১১৭ জন। এছাড়া মারা গেছেন ৮১ জন।