মুম্বাইয়ে হাসপাতালে আগুন, করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 11:06 AM
মুম্বাইয়ে হাসপাতালে আগুন, করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু
ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে আগুন লেগে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) স্থানীয় সময় রাতে সানরাইজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোভিড স্পেশাল ওই হাসপাতালটি একটি শপিংমলের ভেতরে অবস্থিত। এ ঘটনায় নিহতরা হলেন- নিসার জাভেদচাদ (৭৪), মুঙ্গেকাট (৬৬), গোবিন্দলাল দাদ (৮০)।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আগুন নেভাতে স্থানীয় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট এবং ১০টি বড় ওয়াটার ট্যাঙ্কার কাজ করে।
ঘটনার পর হাসপাতালটি থেকে ৭০ জনেরও বেশি রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে অন্তত ৭ জন ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।
মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশান্ত কড়ম বলেন, ‘উদ্ধার করা ৭৬ রোগীকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে এই মুহূর্তে।’
ওই ৭৬ রোগীর মধ্যে ৭৩ জনই করোনা রোগী। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুম্বাইয়ের মেয়র কিশোরী পেড়নেকার। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে বলে জানান তিনি।
মেয়র বলেন, ‘আমি এই প্রথম কোনো শপিংমলের ভেতরে হসপিটাল দেখলাম। এটা খুবই মারাত্মক পরিস্থিতি। ঘটনার তদন্ত করা হবে।’