মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী হত্যার দায়ে স্বামী উজ্জ্বল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১টায় আসামির উপস্থিতিতে এ রায় দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৫ আগস্ট পারিবারিক কলহের জের ধরে মধ্যরাতে উজ্জ্বল তার ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রোকেয়া বেগমকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে রোকেয়া আত্মহত্যা করেছে বলে স্বজনদের খবর দেয় উজ্জ্বল।
নিহতের ভাই মো. শুরুর আলী সিংগাইরের বান্দাইল গ্রামে তার বোনের বাড়ি গিয়ে মরদেহের বিভিন্ন স্থানে আঘাত চিহ্ন দেখতে পায়। এতে শুকুর আলী বিষয়টি পুলিশকে বললে উজ্জ্বল মরদেহ রেখে গা ঢাকা দেয়। পুলিশ ওই মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
২০১৪ সালের ২৬ আগস্ট তারিখ রাতে নিহত রোকেয়ার ভাই শুকুর আলী বাদী হয়ে উজ্জ্বলকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে সিংগাইরের আজিমনগর থেকে উজ্জ্বলকে গ্রেফতার করা হয়।
পুলিশ ২০১৪ সালের ৩০ ডিসেম্বর উজ্জ্বলকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আজ দুপুরে আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।