এপ্রিলে শ্রীলংকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবে সিরিজ না খেলে আইপিএল খেলার জন্য ছুটি চেয়েছেন সাকিব। বিসিবিও তার ছুটি মঞ্জুর করেছে। সাকিবের মতোই আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। বাঁহাতি এ পেসারও চাইলে শ্রীলংক সফর থেকে সরে দাঁড়াতে পারেন। আবেদন করলে মুস্তাফিজকেও ছুটি দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান বলেছেন, ‘হ্যাঁ, চাইলে (ছুটি) পাবে’।
যদিও জানা গেছে, মুস্তাফিজ এখনো ছুটির আবেদন করেননি। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন তিনি।
অতীতে দেশের আন্তর্জাতিক সিরিজের সময় ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজ লিগ খেলতে অনুমতি দিত না বিসিবি। যার ফলে গত বছর আইপিএল খেলতে ছাড়পত্র পাননি মুস্তাফিজ।
এবার সাকিব আবেদন করার পর তাকে আর ধরে রাখার চেষ্টা করেনি বোর্ড। এখন থেকে দেশের খেলার সময়ও ফ্র্যাঞ্চাইজ লিগ খেলার অনুমতি পাবেন ক্রিকেটাররা।
গত বুধবার বিসিবি সভাপতির বাসায় বোর্ড পরিচালকদের মিটিংয়ে উঠেছিল সাকিবের ছুটির প্রসঙ্গ। সেখানেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তাকে আইপিএল খেলার অনুমতি দেয়া হবে। জোর করে টেস্ট খেলানো হবে না।
এপ্রিলে দুই টেস্ট খেলতে শ্রীলংকায় যাবে বাংলাদেশ দল, মে মাসে তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে শ্রীলংকা দল। টেস্ট বাদ দিলেও ওয়ানডে সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে সাকিবের।
এদিকে বাঁহাতি এ অলরাউন্ডারের দেশের টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলার সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেটাঙ্গনে। দেশের আগে আইপিএলকে অগ্রাধিকার দেয়ার বিষয়টি মানতে পারছেন না অনেকেই।
আবার কেউ কেউ সাধুবাদ জানিয়েছেন সাকিবকে। আইপিএলের মাধ্যমে চলতি বছর অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারবেন বলে মনে করেছেন অনেকে।