একাধিক বিয়ে করেছেন সন্দেহে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবকের ব্লেড দিয়ে লিঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। ময়মনসিংহের নান্দাইলে এ ঘটনা ঘটেছে।
রোববার (২৪ জানুয়ারি) সকালে জেলার নান্দাইল পৌরসভার কাকচর মহল্লায় ঘটনাটি ঘটলেও তা মঙ্গলবার জানাজানি হয়। সাদ্দাম হোসেন কিশোরগঞ্জের ভৈরব এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি কম্পানিতে চাকরি করেন।
স্থানীয়রা জানায়, প্রায় এক বছর ধরে পৌরসভার কাকচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন সাদ্দাম হোসেনের স্ত্রী। কয়েকমাস পর পর ঢাকা থেকে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন সাদ্দাম হোসেন।
এরই মধ্যে প্রায় তিন মাস পার হলেও স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন না সাদ্দাম হোসেন। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, স্বামী সাদ্দাম হোসেন গাজীপুর ও শ্রীপুরে দুই নারীর সঙ্গে বসবাস করছেন। এছাড়া স্বামীর নিজের এলাকা ভৈরবে রয়েছে আরো দুই স্ত্রী।
গত চারদিন আগে সাদ্দাম হোসেন তার কাছে আসেন। এক পর্যায়ে ঘটনার দিন সকালে কেন এতগুলো বিয়ে করেছেন জানতে চান সাদ্দামের স্ত্রী। এ বিষয়ে সাদ্দাম হোসেন অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে স্বামীর বিশেষাঙ্গ কেটে দেন স্ত্রী। তখন লজ্জায় চিৎকার না দিলেও নিজেকে রক্ষা করতে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
নাম প্রকাশ না করার শর্তে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, রোববার ওই ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। পরে চিকিৎসকরা তার বিশেষাঙ্গে সাতটি সেলাই দিয়ে ভর্তি হতে বলেন। কিন্তু তিনি ভর্তি না হয়ে চলে যান। এরপর কী হয়েছে তা আর জানা নেই।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনা সাংবাদিকদের কাছে আজই শুনেছি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হবে।