মুহম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় ধারাবাহিক 'ফ্যামিলি ক্রাইসিস'। জনপ্রিয় হয়ে ওঠা এই ধারাবাহিকটি শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে বললেও আসলে কবে শেষ হচ্ছে এটা নিশ্চিত করে বলতে পারেননি নির্মাতা। তবে এর শুটিং শেষ হয়েছে। সোমবার ধারাবাহিকের ক্যামেরা বন্ধ হয়। দীর্ঘদিন ধরে এই নাটকে কাজ করতে গিয়ে অভিনয়শিল্পীরা যেন চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিলেন। অন্তত শামীম হাসান সরকারের আবেগ মিশ্রিত অনুভূতির প্রকাশ দেখে তা-ই মনে হলো।
শামীম হাসান সরকার লিখেছেন, 'ফ্যামিলি ক্রাইসিস'-এর শুটিং সোমবার রাতেই শেষ করেছি। রায়হান চরিত্রটাকে আমি কোনো দিনই ভুলব না। দেশে এবং দেশের বাইরের রাস্তায় সব বয়সী মানুষ আমাকে এই নামে ডেকেছে। শেষের দিকে এসে শামীমের বিয়ে নয়, রায়হান ঝুমুরকে কবে বিয়ে করবে সেই প্রশ্নের উত্তর দিতে হয়েছে।'
নির্মাতা মোস্তফা কামাল রাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শামীম বলেন, 'রাজ ভাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ভালোবাসা পরিবারে শামিল করার জন্য। ফ্যামিলি ক্রাইসিস আমার ক্যারিয়ারেও বিশাল একটা জার্নি! এই সিরিয়ালের প্রথম পর্ব প্রথম সিকোয়েন্সের শট শুরু করার সময়ও জানতাম না শেষটা কোথায়! চেহারা, শরীর কতবার যে বদলেছে নিজেকে দেখলেও অবাক হই !
সময়ে জনপ্রিয় এই অভিনেতা বলেন, 'অনেক কিছু লেখার ছিল! ২৪ ঘণ্টা ধরেই ভাবলাম! কিছুই লিখতে পারলাম না! হয়তো অন্য কোনো দিন লিখব! মনের ভাষা লিখেই যদি না রেখে যাই, কেউ তো জানিয়ে দেবে না! কিন্তু এক অসীম ভালোবাসা আর আবেগের জায়গা ধরে রাখবে এই সিরিয়ালের নাম ! খুব মিস করব পরিবারের সবাইকেই ! আল্লাহ সবাইকেই ভালো এবং সুস্থ রাখুক!'
ফ্যামিলি ক্রাইসিসের শেষ পর্বে রায়হান ও ঝুমুরকে বিয়ের সাজে দেখা গেছে। শামীম তার পোস্টে বিয়ের সব কিছু দেখালেও বিয়ে সম্পন্ন হয়েছে কি না, নিশ্চিত করেননি। তবে রায়হান-ঝুমুরের এই সাজকে দর্শক ও ভক্তরা ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন।
মুহম্মদ মোস্তফা কামাল রাজ কালের কণ্ঠকে বলেন, 'ফ্যামিলি ক্রাইসিসের শুটিং সম্পন্ন হয়েছে। কিন্তু শেষ পর্ব কবে হবে সেটা বলতে পারছি না। এখনো অনেক সময় বাকি। সময় হলেই সবাই জানতে পারবে।'