নিউ ইয়র্কে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছিল শ্রীদেবীর মায়ের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 6:14 PM
নিউ ইয়র্কে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছিল শ্রীদেবীর মায়ের
বলিউডের প্রথম সুপারস্টার নায়িকা শ্রীদেবী। কাজপাগল এ অভিনেত্রীর এক সময় বছরে ১২টি সিনেমাও মুক্তি পেয়েছে। আবার বিপরীত চিত্রও ছিল তার ক্যারিয়ারে। পুরো বছরে নিতে পারেননি একটি সিনেমাও।
১৯৯৫ সাল। হঠাৎ করে শ্রীদেবীর মা রাজেশ্বরী ক্যানসারে আক্রান্ত হন। ভারতে একাধিক চিকিৎসকের পরামর্শে মাকে নিয়ে নিউ ইয়র্ক গিয়েছিলেন এ অভিনেত্রী। সেখানকার এক হাসপাতালে তার মায়ের অস্ত্রোপচারের দিন ঠিক হয়।
চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে। কিন্তু বিপত্তি ঘটে জ্ঞান ফেরার পর। দেখা যায়, সাম্প্রতিক স্মৃতি ভুলে গেছেন তার মা। ১০ বছরের পুরানো কথা বলা শুরু করেছেন। চিনতে পারছিলেন না পরিচিতজনদের। হারিয়ে ফেলেছিলেন চলার ক্ষমতাও।
এরপর হাসপাতালের গাফিলতির কথা জানা যায়। রাজেশ্বরীর মস্তিষ্কে যে দিন অস্ত্রোপচারের কথা ছিল, সে দিন আরও এক ভারতীয় রোগীর অস্ত্রোপচারের কথা ছিল। দ্বিতীয় রোগীর এক্সরে রিপোর্ট অনুযায়ী রাজেশ্বরীর মস্তিষ্কের বাম দিকে অস্ত্রোপচার করা হয়। অথচ করার কথা ছিল তার মস্তিষ্কের ডান দিকে।
চিকিৎসকদের ভুলের কারণে মৃত্যুবরণ করেছিলেন শ্রীদেবীর মা। বিষয়টি স্থান পেয়েছিল নিউ ইয়র্কের সংবাদমাধ্যমে। হাসপাতালের বিরুদ্ধে মামলা করেন শ্রীদেবী। ৭ কোটি ভারতীয় রুপি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল শ্রীদেবীকে।
হাসপাতালের ওই পুরো সময়টাতে শ্রীদেবীর পাশে ছিলেন বনি কাপুর। মাকে হারিয়ে একা হয়ে পড়েন শ্রীদেবী। পরের বছরই বনি কাপুরকে বিয়ে করেন তিনি।