বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে তিন বছর ধরে ধর্ষণ, অবশেষে ধরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 9:22 AM
বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে তিন বছর ধরে ধর্ষণ, অবশেষে ধরা
ঢাকার ধামরাইয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে তিন বছর ধরে ধর্ষণের অভিযোগে মামুন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ধামরাইয়ের চন্দ্রাইল এলাকায় এক স্কুলছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল চন্দ্রাইল এলাকার মীর হোসেনের বখাটে ছেলে মামুন হোসেন। পরে ওই স্কুলছাত্রী মামুনকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই স্কুলছাত্রী আইনের আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নেয়।
শুক্রবার রাতে ওই স্কুলছাত্রী ধামরাই থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত ওই যুবককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে গ্রেফতার করে।
ধামরাই থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, বিয়ের প্রলোভনে তরুণীকে দীর্ঘ দিন ধর্ষণ করার অভিযোগে রাতে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। পুলিশ অভিযান চালিয়ে ওই ধর্ষককে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।