সড়কে যানবাহনের চলাচলকে আরো নিয়ন্ত্রীত, নিরাপদ ও দ্রুত করার পরিকল্পনার অংশ হিসেবে চালকবিহীন গাড়ির পরীক্ষামূলক অনুমোদন দিয়েছে চীন।
যাত্রী পরিবহনে এ ধরনের গাড়ির নিরাপত্তা যাচাই করে দেখতে সম্প্রতি রাজধানী বেইজিংয়ের সড়কে চালকবিহীন বাইদু এপোলোর এ রকম পাঁচটি গাড়ির অনুমোদন দেয়া হয়েছে।
গাড়ির যাত্রীর আসনে বর্তমানে নিরাপত্তা কর্মকর্তারা রয়েছেন। তবে অন্য গাড়ির ধাক্কা কিংবা গুরুতর কোনো সমস্যা না হলে স্বয়ংক্রিয় গাড়ি চালানোয় তারা কোনো হস্তক্ষেপ করবেন না।
একটি বোতাম চাপলেই চালু হবে চালকবিহীন এই গাড়ি। তবে সাধারণ গাড়ির মতো রাস্তায় চলতে ৩০ হাজার কিলোমিটারের সড়ক পরীক্ষাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বাইদু এপোলোর গাড়িগুলোকে।
দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি নিরাপত্তার দিকেও নজর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
বেইজিংয়ের চালকবিহীন গাড়ি পরীক্ষণ দলের ব্যবস্থাপক উ কিয়ং বলেন, আমাদের কাছে নিরাপত্তা প্রথম। দ্বিতীয়ত গাড়ির যাত্রী কতটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন তা বিবেচ্য বিষয়। তৃতীয়ত যাত্রী যাতে দ্রুততম সময়ে কোনো ঝামেলা ছাড়া গন্তব্যে পৌঁছাতে পারেন সেদিকে গুরুত্ব দিয়েছি আমরা।
প্রযুক্তির এই সুবিধাকে কাজে লাগিয়ে জীবনযাপন আরো সহজ করতে চায় বাইদু এপোলো। পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগির চালকবিহীন গাড়ি ব্যবহার উপযোগী করে তুলতে চীনের নিয়ন্ত্রক সংস্থা ও আইনপ্রণেতাদের কাছ থেকে অনুমোদন নেওয়ার সব প্রস্তুতি নিচ্ছে বাইদু এপোলো।