ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
বড় জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করলো আর্সেনাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 12:11 PM

বড় জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করলো আর্সেনাল

বড় জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করলো আর্সেনাল

বড় জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করলো ইংলিশ ক্লাব আর্সেনাল। ডানডককে ৪-২ গোলে হারিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে তারা গেছে নকআউট পর্বে। জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। বেলজিয়ামের ক্লাব রয়্যাল অ্যান্টোয়ার্পকে তারা হারিয়েছে ২-০ গোলে। এছাড়া প্রত্যাশিত জয়ে পরবর্তী রাউন্ডে গেছে লেস্টার সিটি ও এসি মিলান।

ইপিএলে ধুকছে আর্সেনাল। পয়েন্ট টেবিলে অবস্থান ১৫। আবার সে ক্লাবটাকেই ইউরোপা লিগে থামানোর সাধ্য নেই কারো। গ্রুপ পর্বে আর্সেনালকে একবারের জন্যও মাঠ ছাড়তে হয়নি গোমড়া মুখে।

মিকেল আর্টেটার দলের সামনে সুযোগ ছিলো গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে পরের রাউন্ডে যাওয়ার। সবশেষ লিগ ম্যাচে টটেনহ্যামের কাছে হারলেও, প্রতিপক্ষ ডানডক বলেই নির্ভার ছিলেন আর্সেনাল কোচ। সে কারণেই নতুনদের সুযোগ দিয়ে নামালেন পুরো নতুন একাদশ।

অবশ্য তাতেও মাঠের খেলায় পড়েনি কোনো প্রভাব। প্রত্যাশিতভাবে স্কোরিংয়ের শুরুটা করে গানাররাই। ১২ মিনিটে এডি এনকেতিয়ার গোলে লিড পেয়ে যায় আর্সেনাল।

এর ৬ মিনিট পরে আভিভা স্টেডিয়ামে দীর্ঘদিন মনে রাখার মতো এক গোল করেন আর্সেনালের মোহাম্মদ এলনেনি।

যদিও স্বাগতিকদের কিছুটা আশা দেখান জর্ডান ফ্লোরস। ২২ মিনিটে ডানডকের হয়ে এক গোল শোধ করেন এই ইংলিশ মিডফিল্ডার।

আর্সেনাল গোলের অনেক সুযোগ পেলেও, তাদের অপেক্ষাকৃত অনভিজ্ঞ আক্রমণভাগ সেগুলো কাজে লাগাতে পারেনি। তবে সেই আক্ষেপ শেষ পর্যন্ত ছিলো না। ৬৭ মিনিটে জো উইলক, আর বদলি হিসেবে নামা ফোলারিন ৮০ মিনিটে গোল করল ব্যবধান ৪-১ করে আর্সেনাল।

খেলা শেষ হবার কিছু সময় আগে শন হোয়ারের গোল ব্যবধান কমানোর সান্ত্বনাই হয়ে থাকে ডানডকের। ১৫ বছর পর ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় গ্রুপ পর্বে শতভাগ জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

আরেক ম্যাচে আর্সেনালের নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পার মাঠে নামে রয়্যাল অ্যান্টোয়ার্পের বিপক্ষে। দারুণ সময় পার করছে স্পার্স। ইপিএলের শীর্ষে থাকা দলটা আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। দলের দুই সেরা পারফর্মার কেইন-সনকে ছাড়াই একাদশ সাজান হোসে মরিনহোর।

খর্ব শক্তির দল নিয়েও টটেনহ্যাম খেলেছে আক্রমণাত্মক ফুটবল। গোলের জন্য মাঠের দু'দিক থেকেই লুকাস মৌরা-বেলরা চেষ্টা করে গেছেন। তবে তাদের প্রচেষ্টাগুলো লন্ডন স্টেডিয়ামের গ্যালারিতে হতাশাই বাড়িয়েছে।

প্রথমার্ধ্বে গোল করতে পারেনি স্বাগতিকরা। তবে বিরতির পর মরিনহোর মন্ত্রে ভিন্ন এক টটেনহ্যামকে দেখা যায়। অবশেষে ৫৭ মিনিটে ভাঙ্গে অ্যান্টোয়ার্প গোলরক্ষক বেইরানভান্দের প্রতিরোধের দেয়াল। বেলের ফ্রি কিক রুখে দিলেও, ফিরতি শটে বল জালে পাঠান ভিনিসিয়ুস।

প্রথম গোলের পরই স্পেশাল ওয়ান মাঠে নামান কেইন-সনকে। দ্রুতই তার প্রভাবও দেখা যায়। ব্যবধান বাড়াতে মরিয়া ছিলো দুই স্পার্স তারকা। অবশ্য নিজেরা গোল করতে না পারলেও, সতীর্থকে দিয়ে করিয়েছেন ঠিকই। ৭১ মিনিটে হ্যারি কেইনের পাস থেকে লিড ২-০ করেন লো সেলসো। ২-০ গোলের স্বস্তির জয় পায় টটেনহ্যাম।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status