ফারিয়া, অপু আর রাতিশা তিন বন্ধু। সারাক্ষণ একসঙ্গে থাকে। ফারিয়া ও অপু ছেলেবেলার বন্ধু। সবকিছুতেই তারা একজন আরেকজনের পার্টনার। হঠাৎ ফারিয়ার মনে হয়, সে অপুকে একটু একটু অনুভব করছে। একদিন ফারিয়া তার মনের কথা প্রকাশ করতে চায়, কিন্তু তার সেই আবেগকে অপু আর দশটা ফালতু কথার মতোই উড়িয়ে দেয়।
এক সময় ফারিয়ার বাবা তার বন্ধুর ছেলে আদি অনাবিলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে বলে ঠিক করে। ফারিয়া আদির সঙ্গে দেখা করতে যায় এবং অপুর প্রতি তার ভালোলাগার কথা খুলে বলে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘কাকতাড়ুয়ার প্রেম’। আসাদুজ্জামান সোহাগের গল্প, চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, জিয়াউল ফারুক অপূর্ব, নাজিরা মৌ, শার্লিন ফারজানা, সিয়াম আহমেদ, আয়েশা আহমেদ প্রেমা, কাজী উজ্জ্বল প্রমুখ। শনিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।