ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে বিষয়টি মার্কিন নির্বাচনে সবচেয়ে বড় প্রভাব ফেলবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 3:40 PM

যে বিষয়টি মার্কিন নির্বাচনে সবচেয়ে বড় প্রভাব ফেলবে

যে বিষয়টি মার্কিন নির্বাচনে সবচেয়ে বড় প্রভাব ফেলবে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একদিন বাকি। সারাবিশ্বই এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। ট্রাম্প নাকি বাইডেন, কাকে বেছে নেবেন যুক্তরাষ্ট্রের ভোটাররা? এ নিয়ে বিশ্লেষণ যেন থামছেই না। নির্বাচনের চূড়ান্ত ফলাফল হাতে আসা পর্যন্ত তাই অপেক্ষাই করতে হচ্ছে।

এদিকে, নির্বাচনের আগে করোনাভাইরাস মহামারির কারণে বেশ বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ তালিকা ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। আবার এ মহামারির কারণেই যেকোনো নির্বাচনের চেয়ে এবার আগাম ভোট বেশি পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

জানা গেছে, এবারের নির্বাচনে রেকর্ড ৯ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা ২০১৬ সালে দেয়া মোট ভোটার উপস্থিতির ৬০ শতাংশ। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে এক নম্বর ইস্যু যে করোনাভাইরাস, তাতে মার্কিন বিশ্লেষকদের মধ্যে তেমন কোনো দ্বিমত নেই।

এদিকে, করোনা পরিস্থিতি এবারের নির্বাচনে কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, শুরু থেকেই করোনা মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থতা নিয়ে বেশ সমালোচনা হয়। এমনকি সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, ১০ জন মার্কিন নাগরিকের মধ্যে অন্তত ছয়জন মনে করছেন, করোনা নিয়ে ভুল তথ্য দিয়েছেন ট্রাম্প। তবে করোনা মোকাবিলায় ট্রাম্প সরকারের কার্যক্রমের প্রতিক্রিয়া ভোটের দিন প্রকাশ পাবে কিনা, তা নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

কৃষ্ণাঙ্গ এক তরুণী বিবিসিকে বলেন, যেভাবে ট্রাম্প পরিস্থিতি সামাল দিচ্ছেন, তা অনেক দুর্বল। শ্বেতাঙ্গ এক নারী বলছেন, তিনি (ট্রাম্প) চান না যে সবাই আতঙ্কিত হয়ে পড়ুক, সে বিষয়টি আমার ভালো লেগেছে।

ট্রাম্পকে নিয়ে আরেক শ্বেতাঙ্গ তরুণীর বক্তব্য, ট্রাম্প অনেক ভালো কিছু করেছেন তা নয়, আবার খুব যে খারাপ কিছু করেছেন তাও বলব না।

মধ্যবয়সী এক ব্যক্তি বলেন, এ পরিস্থিতিকে তিনি (ট্রাম্প) অনেক গুরুত্ব দিচ্ছেন বলে মনে হচ্ছে না। কিন্তু বিশাল জনগোষ্ঠীর জন্য এটি অনেক বড় ইস্যু।

ওয়াশিংটনে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জো গার্সটেনসন বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাস মোকাবিলায় যা করছেন, অধিকাংশ মার্কিন নাগরিক তাতে সন্তুষ্ট নন। দলীয় সমর্থনের ভিত্তিতেই যে শুধু মতামতের ভিন্নতা রয়েছে তা নয়, এলাকা ভিত্তিতেও জনমত ভিন্ন। যেসব এলাকার মানুষ এ মহামারিতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেসব এলাকার মানুষ বেশি ক্ষিপ্ত।

বছরের শুরুর দিকে অ্যারিজোনা অঙ্গরাজ্যে জনমত জরিপে খুব সামান্য এগিয়ে ছিলেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তবে গ্রীষ্মে অঙ্গরাজ্যটিতে কোভিড-১৯ ভয়ংকর রূপ নেয়ার পর বাইডেনের পক্ষে সমর্থন অনেক বেড়েছে। ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী, অ্যারিজোনায় করোনায় এখন পর্যন্ত পাঁচ হাজার ৯৮১ জনের মৃত্যু হয়েছে।

উইসকনসিন অঙ্গরাজ্যে ২০১৬ সালের ভোটে প্রেসিডেন্ট ট্রাম্প সামান্য ব্যবধানে জিতেছিলেন। এবারও বছরের অধিকাংশ সময় জুড়ে ট্রাম্পের সমর্থনে তেমন কোনো ভাটা দেখা যায়নি। তবে অক্টোবরে হঠাৎ সংক্রমণ বাড়তে থাকায় জনমত ঘুরে গেছে। সর্বশেষ জনমত জরিপে উইসকনসিনে জো বাইডেন ট্রাম্পের চেয়ে ৭ থেকে ১৭ পয়েন্ট এগিয়ে গেছেন।

এছাড়া রিপাবলিকানদের অন্যতম ঘাঁটি টেক্সাসেও ভোটারদের মধ্যে ট্রাম্পকে নিয়ে বিরূপ মনোভাব দেখা যাচ্ছে। কারণ, দুই দফা করোনা সংক্রমণে টেক্সাস নাজেহাল হয়ে পড়েছে। করোনায় এ অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত ১৮ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে।

টেক্সাসের চিত্রশিল্পী শেন রেইলি তার অঙ্গরাজ্যে কোভিড-১৯-এ এত লোকের মৃত্যু দেখে প্রথমবারের মতো দল বদলেছেন। তিনি বলেন, আমি সব সময় রক্ষণশীলদের ভোট দিয়েছি। তবে এই মহামারি মোকাবিলায় ক্ষমতাসীন রিপাবলিকানরা যা করছে, তাতে জীবনে প্রথমবারের মতো আমি ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেব।

তবে এত জরিপের ফল আর মতামতকে গুরুত্বই দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। বরং গত শনিবার পেনসিলভানিয়ার নিউটন শহরে এক সভায় তিনি প্রতিদ্বন্দ্বী বাইডেনকে নিয়ে তাচ্ছিল্য করে বলেন, জো বাইডেন যা বলছেন, তা আমি দেখলাম। তার মুখে সেই একই কথা, কোভিড, কোভিড আর কোভিড। তার কাছে বলার মতো আর কিছুই নেই। ট্রাম্পের ওই নির্বাচনী সভায় অনেককেই মাস্ক ছাড়া দেখা যায়।

অবশ্য অধ্যাপক গার্সটেনসন মনে করছেন, অনেক মানুষের ভোটের সিদ্ধান্তের পেছনে করোনাভাইরাস মহামারি একমাত্র বিবেচ্য নয়। খুব কম রিপাবলিকানই তাদের দলীয় আনুগত্য ভঙ্গ করে জো বাইডেনকে ভোট দেবেন। তবে মঙ্গলবারের নির্বাচনে যদি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পট বদলে যায়, তবে করোনা মোকাবিলায় ট্রাম্পের ব্যর্থতাকেই এর অন্যতম কারণ হিসেবে দেখা হবে বলে বিশ্লেষকদের মতামতে উঠে এসেছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status