অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক আর লারা বিঙ্গল জুটির কথা মনে আছে? ক্রিকেট দুনিয়া অত্যন্ত আলোচিত জুটি ছিলেন তারা। বাগদানও হয়েছিল তাদের। কিন্তু ২০১০ বিঙ্গলের কিছু বিতর্কিত ছবি ফাঁস হয়ে যাওয়ায় তাদের বিচ্ছেদ হয়। তাদের বিচ্ছেদ নিয়ে একটা চমকপ্রদ গল্প আছে। সেটি হলো, ছবি ফাঁসের ঘটনায় তারা এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে, নিজেদের বাগদানের আংটি নাকি কমোডে ফেলে ফ্লাশ করে দিয়েছিলেন! সেই আংটি ছিল আবার হীরা খচিত।
এতিদন পর সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মাইকেল ক্লার্ক। এই গল্পটি যে পুরোটাই গুজব সেটা তার কথায় পরিস্কার। বিগ স্পোর্টস ব্রেকফাস্টকে ক্লার্ক বলেছেন, 'কতবার যে এটা নিয়ে বলেছি…। আমি জানি মানুষ আমার কথা বিশ্বাস করে না। কিন্তু কতবার বলব আমি বেকুব হতে পারি কিন্তু এত বেকুব না। জীবনের কোনো অবস্থাতেই টয়লেটে আংটি ফেলতে যাব না। সেও (লারা) বেকুব না, সেও কোনো আংটি টয়েলেটে ফ্ল্যাশ করবে না।'
আংটি টয়লেটে ফেলার এই গল্পটা আসলে কীভাবে তৈরি হয়েছে সেটাও বলতে ভুলেননি ক্লার্ক। তিনি বলেন, 'গুঞ্জনটা কীভাবে ছড়িয়েছে জানেন? আসলে কী হয়েছে জানতে চান? আমার বন্ডির অ্যাপার্টমেন্টের বাইরে দুই সপ্তাহ মিডিয়ার লোকজন বসেছিল। এমন এক সময়ে একটি পানির কল সারানোর ট্রাক এসেছিল অ্যাপার্টমেন্টের সামনে। ওই বিল্ডিংয়ে ২০টি ফ্ল্যাট আছে। কিন্তু যেহেতু একটি প্লাম্বিং ট্রাক পাওয়া গেছে, আর আমাদেরও বিচ্ছেদ হয়েছে, তাই সাংবাদিকরা গল্প তৈরি করে যে, প্লাম্বার টয়লেট থেকে লারার আংটি উদ্ধারে এসেছে। ফালতু গল্প।'
তাহলে কেউ যদি তাদের আংটি আসলেই টয়লেটে ফেলত, তাহলে কি করতেন ক্লার্ক? জবাবটা বেশ মজা করেই দেন তিনি, 'অবশ্যই সেটা তুলতে একদম ঝাঁপিয়ে পড়তাম।'