এতদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা ছিল। এবার খোলা রাখার সময় আরও দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে এখন থেকে ঢাকা মহানগরের বিভিন্ন পাড়া-মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। সোমবার (২৭ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এ দিকে স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপসমূহ আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশনার আওতায়মুক্ত থাকবে।
মাসুদুর রহমান বলেন, ‘উদ্ভূত করোনার এ সংকট মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ এ উদ্যোগ নিয়েছে। সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি। প্রসঙ্গত, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে কয়েক দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জরুরি ও নিত্যপণ্য ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান। সীমিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থায় খোলা রাখা হয়েছে পাড়া-মহল্লার নিত্যপণ্যের দোকানপাট। বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়।