করোনার সংক্রমণ ঠেকাতে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের মাঝে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে বাংলাদেশ কমিউনিটি জেদ্দা। সৌদি আরবের আইন কানুন মেনে চলা, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাসহ বিভিন্ন বিষয় মেনে চলতে প্রবাসীদের আহ্বান জানাচ্ছেন কমিউনিটির নেতারা। মঙ্গলবার দেশটিতে নতুন করে দুই শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে।
সৌদিতে করোনা ভাইরাস সংক্রমণের কারণে অভিবাসী ও সৌদি নাগরিকদের সার্বিক নিরাপত্তার জন্য একে একে বন্ধ করে দেয়া হয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। চলছে ২১ দিনের কারফিউ। এ অবস্থায় সরকারের জারি করা সব নির্দেশনা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রবাসী কমিউনিটির নেতারা।
জেদ্দা কমিউনিটি নেতা আব্দুল মান্নান বলেন, সৌদি সরকার যে সান্ধ্যাকালীন আইন জারি করেছে। আমরা প্রবাসীরা অবশ্যই এ কারফিউর প্রতি শ্রদ্ধা রাখব। আপনারা অযথা মার্কেটে ঘোরাঘুরি করবেন না। যথা সময়ে বাসায় ফিরে যাবেন।
এ সঙ্কটময় পরিস্থিতিতে খাবার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
সৌদি বাংলা বিজনেস অ্যাসোসিয়েশন সদস্য রওশন জামিল শিপু বলেন, এ দুর্যোগ মুহূর্তে সৌদি আরবে কোনো পণ্যের দাম একটুও বাড়েনি। আমি বাংলাদেশের ব্যবসায়ীদের অনুরোধ করব, আপনারা অপাতত এ মুহূর্তে সিন্ডিকেট করবেন না।
সৌদিতে গত রোববার সন্ধ্যা ৭টা থেকে চলছে রাত্রিকালীন ২১ দিনের কারফিউ। এ আইন অমান্যকারীদের করা হচ্ছে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা ও গ্রেফতার। এখন পর্যন্ত সাড়ে সাতশ’র বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সৌদিতে। সেই সঙ্গে প্রথম একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।