ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ও গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের মালিক মারিনাকিস করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই নড়েচড়ে বসেছে আর্সেনাল কর্তৃপক্ষ। নিজেদের দলের বেশ কয়েকজন ফুটবলারকে করোনাভাইরাসের শঙ্কায় কোয়ারেন্টাইনে পাঠিয়েছে তারা।
ফেব্রুয়ারির ২৭ তারিখ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলে আর্সেনাল। সেই ম্যাচ শেষে অলিম্পিয়াকোসের মালিক মারিনাকিসের সঙ্গে করমর্দন করেন আর্সেনালের খেলোয়াড়রা। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই কয়েকজন ফুটবলারকে সতর্কতা হিসেবে কোয়ারেন্টাইনে পাঠায় আর্সেনাল কর্তৃপক্ষ।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ (বুধবার) ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামার কথা ছিল আর্সেনালের। তবে করোনা সংক্রমণের শঙ্কায় ম্যাচটি স্থগিত করা হয়েছে।
এক বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, ক্লাবটির কিছু খেলোয়াড় যাদের নাম বা পরিচয় দেয়া হবে না, তারা এখন কোয়ারেন্টাইনে আছে। তারা অলিম্পিয়াকোসের মালিকের সঙ্গে খেলা শেষ হওয়ার পর দেখা করেছিলেন।
সেই বিবৃতিতে আরো বলা হয়, ‘এখন পর্যন্ত যে পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন তাতে করে আর্সেনালের ফুটবলারদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা সরকারি নীতিমালা খুব গুরুত্বের সঙ্গে মেনে চলছি, যেখানে বলা হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সঙ্গে কোনো সংস্পর্শে এলে নিজেকে ১৪ দিন আলাদা করে রাখতে হবে।’
খেলোয়াড় ছাড়া চারজন আর্সেনাল স্টাফকেও ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখছে ইংলিশ ক্লাবটি।