বেনাপোল চেকপোস্টে করোনা পরীক্ষায় নেই কোনো স্বাস্থ্যকর্মী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 9:27 PM
বেনাপোল চেকপোস্টে করোনা পরীক্ষায় নেই কোনো স্বাস্থ্যকর্মী
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রায় ৭-৮ হাজার দেশি-বিদেশি মানুষ যাতায়াত করে শুধু পাসপোর্ট যাত্রী হিসেবে। এছাড়া ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রতিদিন পণ্যবাহী ট্রাকের সঙ্গে হেলপার ড্রাইভাররা পথে আসেন।
এছাড়াও আসে ভারত থেকে বন্ধন নামে একটি যাত্রীবাহী ট্রেন এবং পণ্যবাহী ওয়াগন ট্রেন। কিন্তু এসব ট্রাক ড্রাইভার ও রেলের যাত্রীদের পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই। প্রথমদিকে দুই একদিন লোক দেখানো একটি হাত স্ক্যানার নিয়ে অদক্ষ লোক দিয়ে পরীক্ষার কাজ চালালেও এখন আর কোনো পরীক্ষা করা হচ্ছে না।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখায় সকাল থেকে রাত অবধি কাজে নিয়োজিত থাকা মোশরাফ হোসেন জানান, সারাদিন কোনো স্বাস্থ্যকর্মী বা তাদের কোনো লোককে এখানে দেখি নাই। এখানে একজন সাধারণ লোক কয়েকদিন ভারতীয় ট্রাক ড্রাইভারদের কপালে একটি মেশিন স্পর্শ করলেও এখন আর তা করেন না। সকাল থেকে দেখছি তাদের ব্যবহৃত খালি চেয়ারটি পড়ে রয়েছে।
বেনাপোল রেলস্টেশন এলাকার মিজানুর রহমান বলেন, ভারতীয় ট্রেনে যাত্রী এলে তেমন কোনো পরীক্ষা করতে দেখা যায় না। মাঝে মধ্যে লোক দেখানো একজন এখানে কয়েকজন যাত্রীকে পরীক্ষা করলেও ভারত থেকে আগত সব যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হয় না।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আল-আমিন নামে একজন ব্যবসায়ী বলেন, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ট্রাক চালকরা এবং হেলপাররা আমদানি পণ্যবাহী ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। আমদানি পণ্যর জন্য ২৪ ঘণ্টা সীমান্ত খোলা থাকলেও সেখানে কোনো পরীক্ষার ব্যবস্থা নেই।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তালুকদার বলেন, আমি করোনাভাইরাসের জন্য দ্রুত ভারতীয় ট্রাক ড্রাইভারদের পরীক্ষার জন্য ব্যবস্থা নিয়েছিলাম। ওইখানে একজন স্বাস্থ্যকর্মীও দিয়েছিলাম। এখন আমার জানা নেই। এ বিষয়টি আমি দেখব।
অপরদিকে দেশের বৃহত্তম এ স্থল বন্দরের ইমিগ্রেশনে নেই কোনো আধুনিক যন্ত্রপাতি। নেই কোনো থার্মো স্ক্যানার। একটি পুরনো থার্মো স্ক্যানার আছে তাও নষ্ট হয়ে আছে।
বেনাপোল ফাইভ স্টারের ম্যানেজার আশাদুজ্জামান আশা বলেন, দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এবং আন্তর্জাতিক চেকপোস্ট। এ পথে দেশি-বিদেশি পর্যটকসহ আমদানি-রফতানি পণ্য আনা নেয়ায় শত শত পণ্যবাহী ট্রাক ও ভারত থেকে আসে যায়। সারাবিশ্বে যখন করোনাভাইরাস নিয়ে আতঙ্ক তখন এ চেকপোস্টে নেই প্রয়োজীয় ব্যবস্থা।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, ইমিগ্রেশনের আগমনী শাখায় কয়েকজন মেডিকেল সদস্য ভারত থেকে আসা যাত্রীদের কপালে স্ক্যানার দিয়ে পরীক্ষা করে। সেটায় শুধু তাপমাত্রা নির্ণয় ছাড়া অন্যকিছু নির্ণয় করা সম্ভব না।