মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার সঙ্গেই প্রেসিডেন্টের শপথ নিয়ে নাটকীয় ঘটনা ঘটলো আফগানিস্তানে। সোমবার দ্বিতীয় মেয়াদে আশরাফ ঘানি শপথ নিয়েছেন।
এর কয়েক ঘণ্টা পরই তার প্রধান প্রতিপক্ষ আবদুল্লাহ এ শপথকে স্বীকৃতি না দিয়ে নিজে পাল্টা প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এতে দেশটিতে নতুন করে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে।
এর আগে, গেলো মাসে নির্বাচন কমিশন আশরাফকে জয়ী ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করেন আবদুল্লাহ। পরে নিজেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন তিনি। গেলো বছরের সেপ্টেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। তালেবান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া শান্তি চুক্তির আওতায় সেনাদের তুলে নেয়া হচ্ছে।
এরই মধ্যে শতাধিক সেনা প্রত্যাহার করা হয়েছে। আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপক্ষের চুক্তির অংশ হিসেবে ১৩ হাজারের মধ্যে ৮ হাজার সেনা তুলে নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। ১৯ বছর ধরে চলা যুদ্ধের অবসানে সম্প্রতি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক চুক্তি সই হয়।