গোপালগঞ্জ সদরের ফকিরকান্দিতে বৃহস্পতিবার দুপুরে এক যুবককে কুপিয়ে ও দুই হাতের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গোলাম মাওলা রনি ফকিরকান্দি গ্রামের মান্নান কাজির ছেলে।
নিহতের ভাই মনির কাজী জানান, সকালে খালাতো ভাই সাদেক মোবাইলে রনিকে ডেকে নিয়ে যায়। পরে আল-আমিন নামে আরেক যুবকের সহায়তায় রনির দুই হাতের রগ কেটে ও কুপিয়ে হত্যা করে ফেলে যায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, স্থানীয়রা রনিকে আহত আবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, হত্যার কারণ জানা যায়নি। তবে নিহতের বিরুদ্ধে সদর থানায় মাদক, চুরি ও মারামারিসহ ১০টি মামলা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।