হালুয়াঘাটের পাহাড়ি অঞ্চলে রাবার ড্যামে বদলে গেছে কৃষকদের জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 March, 2020, 11:33 AM
হালুয়াঘাটের পাহাড়ি অঞ্চলে রাবার ড্যামে বদলে গেছে কৃষকদের জীবন
ময়মনসিংহের হালুয়াঘাটে পাহাড়ি অঞ্চলের কৃষকদের ফসলি জমিতে সেচ দেওয়ার একমাত্র ভরসা হয়ে উঠেছে রাবার ড্যাম। এক সময় গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত গাজিরভিটা ইউনিয়নের হাজার হাজার হেক্টর ফসলি ক্ষেত বোর মৌসুমে পানির অভাবে পতিত পড়ে থাকত। পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে। ফলে এসব এলাকায় গভীর নলকূপ স্থাপন করা যায় না।
খরা মৌসুম এলেই এসব এলাকার নদ-নদী ও পুকুর-দীঘিগুলো শুকিয়ে চৌচির হয়ে যেত। সরকার কৃষকদের কথা চিন্তা করে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুর গ্রামে ভারত থেকে আসা বোরাঘাট নদীর উপর ২০০৪ সালে রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে। ২০০৭ সালে রাবার ড্যাম কাজ শেষ হলে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
রাবার ড্যামের কারণে প্রায় ৮ কিলোমিটার এলাকার বোরাঘাট নদীর পানি ধরে রাখা সম্ভব হয়। যার কারণে খরা মৌসুমে স্থানীয় কৃষকদের অনাবাদি জমিতে চাষাবাদ করতে কোনো অসুবিধা হয়না।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, রাবার ড্যামের আওতায় সেচ সুবিধা বাড়ানোর মাধ্যমে বছরে বোরো ধানের উৎপাদন ৬ হাজার মেট্রিক টন বেড়েছে।
বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র সভাপতি নজরুল ইসলাম বলেন, এখানে আমাদের সমিতির আওতায় ৪০০ একর জমিতে কৃষকদের সেচ সুবিধা দেওয়া হয়। তবে রাবার ড্যামের সুবিধা গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুর, ধলাপানি, পূর্ব সমনিয়াপাড়া, পশ্চিম সমনিয়াপাড়া, গাজিরভিটা, কাতলমারী, নলকুড়া, ভুটিয়াপাড়া, আনচেংগ্রী, লামুক্তা, বোয়ালমারা সহ ১১ টি গ্রামের ৯শ থেকে ১ হাজার কৃষকের প্রায় ৪ শত ৮৫ হেক্টর জমি সেচ সুবিধা পায়। আমরা একর প্রতি ১ হাজার ৬ শত টাকা সেচ কর ও ৪ শত টাকা রক্ষণাবেক্ষণ এর জন্য কৃষকদের কাছ থেকে সমিতির মাধ্যমে নিয়ে থাকি।
সুবিধাভোগী একাধিক কৃষক কালের কণ্ঠকে বলেন, আমরা আগে একাধিকবার এই এলাকায় গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেছি। কিন্তু পানির স্তর নিচে থাকায় তা সম্ভব হয়নি। র্যাবার ড্যাম স্থাপন হওয়ার পর থেকে আমরা এই এলাকার কৃষকগণ বোরো আবাদ করতে পারছি, যা এর আগে কল্পনা করা যেতো না।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান কালের কণ্ঠকে বলেন, আগে এই এলাকাতে বোর মৌসুমে পানির অভাবে ধান উৎপাদন করা যেতো না। রাবার ড্যাম এই এলাকার কৃষকদের ভাগ্য বদলে দিয়েছে। কৃষি অফিস থেকে আমরা কৃষকদের অল্প পানিতে অধিক ফসল পাওয়ার ব্যাপারে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। যাতে করে ধান উৎপাদন আরো বাড়ানো যায়।
হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুর গ্রামে বোরাঘাট নদীর উপর নির্মিত বোরাঘাট রাবার ড্যাম।