হুবেইয়ের কমিউনিস্ট পার্টি প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 11:12 PM
হুবেইয়ের কমিউনিস্ট পার্টি প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যর্থ হওয়ায় এর কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশের কমিউনিস্ট পার্টির প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দায়িত্ব পালণে ব্যর্থতার দায়ে শাস্তিস্বরুপ তাকে অব্যাহতি দেয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্স।
গত বছরের শেষ দিন হুবেইয়ের রাজধানী উহানের একটি বাজার থেকে ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়াতে শুরু করে বলে মনে করা হয়। ভাইরাসটির সংক্রমণে সৃষ্ট কভিড-১৯ রোগে বুধবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৩৫০ জন ছাড়িয়ে গেছে, আর সংক্রমণে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার।
মৃত ও আক্রান্তদের অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা। বুধবার হুবেইতে একদিনেই মৃত্যু হয়েছে রেকর্ড ২৪২ জনের আর রোগ নির্ণয় পদ্ধতিতে পরিবর্তন আনার পর ১৪ হাজার ৮৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এ পরিস্থিতিতে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির হুবেই প্রধান জিয়াং চাওলিয়াংকে অব্যাহতি দেয় পার্টির কেন্দ্রীয় কমিটি। তার পদে সাংহাইয়ের মেয়র ইং ইয়ংকে নিয়োগ দেয়া হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে জানিয়েছে চীনা বার্তাসংস্থা জিনহুয়া ।
এর আগে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান ও এই কমিশনে নিয়োজিত কমিউনিস্ট পার্টির সম্পাদককেও অপসারণ করা হয়েছিল।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রাদুর্ভাব চলাকালীন হুবেই ও অন্যান্য প্রদেশের কয়েকশত ব্যক্তিকে দায়িত্ব থেকে সরানো হয়েছে, অনেককে সতর্ক করা হয়েছে এবং কারো কারো বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।