ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেইমারকে সরিয়ে ব্রাজিলের নতুন অধিনায়ক আলভেস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 3:47 PM

নেইমারকে সরিয়ে ব্রাজিলের নতুন অধিনায়ক আলভেস

নেইমারকে সরিয়ে ব্রাজিলের নতুন অধিনায়ক আলভেস

নেইমারের কাছ থেকে জাতীয় দলের নেতৃত্ব কেড়ে নেওয়া হল। কোপা আমেরিকায় ব্রাজিল দলের অধিনায়কত্ব করবেন দানি আলভেস। আলভেস পিএসজির নেইমারের সতীর্থ।




আট মাস আগে সাতাশ বছরের নেইমারকে ব্রাজিলের স্থায়ী অধিনায়ক হিসেবে ঘোষণা করেন কোচ তিতে। রাশিয়া বিশ্বকাপেও পেলের দেশকে নেতৃত্ব দেন নেইমার। কিন্তু হালফিলে নিজের ক্লাবে শৃঙ্খলা ভাঙায় শাস্তি পেতে হয়েছে ব্রাজিলীয় তারকাকে। হয়তো তাই ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং তিতে নেইমারকে নেতৃত্বে রাখার ঝুঁকি নিলেন না। নতুন অধিনায়ক করা হল রাইটব্যাক আলভেসকে। যার বয়স ৩৬ বছর।

কাতার ও হন্ডুরাসের বিরুদ্ধে প্রীতি ম্যাচেও আলভেসই ব্রাজিলকে নেতৃত্ব দেবেন। এর আগে চার ম্যাচে তিনি ব্রাজিলের অধিনায়ক হয়েছেন। যার মধ্যে রয়েছে ২০১৮-র মার্চে জার্মানির বিরুদ্ধে ব্রাজিলের ১-০ গোলে জেতা ম্যাচও। আর দেশের জার্সিতে তিনি ১৩৮টি ম্যাচ খেলেছেন। রবিবার আলভেসকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অধিনায়ক হওয়ার খবর জানিয়ে দেওয়া হয়। একই খবর দেওয়া হয় নেইমারকেও।

নেইমার ফরাসি কাপ ফাইনালের পরে (পিএসজি যেখানে রেনের কাছে হেরে যায়) এক দর্শককে মারতে যান। ওই দর্শক মোবাইলে নেইমারের ছবি তুলছিলেন। অভিযোগ, পিএসজি-র ড্রেসিংরুমে তিনি নানা সময় ঝামেলায় জড়িয়েছেন। এমনকি ফ্রান্সের এই বিখ্যাত ক্লাবে যোগ দেওয়ার পরেই একটি ম্যাচে পেনাল্টি মারা নিয়ে এদিনসন কাভানির সঙ্গে প্রায় হাতাহাতি করেন। আর ফরাসি কাপ ফাইনালের পরে দলের অন্যতম কনিষ্ঠ সদস্য কিলিয়ান এমবাপের সঙ্গে তাঁর তর্ক হয় বলে শোনা গিয়েছিল। নেইমার তার আগে দলের জুনিয়রদের সমালোচনা করেছিলেন। এমবাপে যার প্রতিবাদ করেন প্রকাশ্যে।

এখানেই শেষ নয়। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পরাজিত হওয়া পরে নেইমার রেফারিকে উদ্দেশ্য করে নানা আপত্তিকর মন্তব্য করেন। যার পরে উয়েফাও তাকে তিন ম্যাচ নির্বাসিত করে। সম্প্রতি জল্পনা তৈরি হয়েছিল, পরের মৌসুমে পিএসজি নেইমারকে অধিনায়ক করবে। কিন্তু ক্লাবের ম্যানেজার টোমাস টুহেল সে সম্ভাবনা উড়িয়ে পরিষ্কার বলে দেন, কোনও ভাবেই তিনি নেইমারকে নেতার ভূমিকায় দেখতে চান না। বলা যায় ব্রাজিল জাতীয় দলের কোচ তিতেও সেই রাস্তাতে হাঁটলেন। অথচ আট মাস আগে তিনি জানিয়েছিলেন, কোপায় ব্রাজিলকে নেতৃত্ব দেবেন নেইমার। এমনকি নেইমারই জাতীয় দলের স্থায়ী অধিনায়ক থাকবেন। সম্ভবত ফেডারেশনের চাপে তিতে নিজের জায়গা থেকে সরে যেতে বাধ্য হলেন।

ব্রাজিলে কোপা আমেরিকা ১৪ জুন থেকে ৭ জুলাই। নেইমারদের গ্রুপে (এ-গ্রুপ) আছে বলিভিয়া ভেনেজুয়েলা এবং পেরু। সাও পাওলোয় ব্রাজিলের প্রথম ম্যাচ বলিভিয়ার সঙ্গে। পেলের দেশ শেষ বার কোপা আমেরিকা জেতে ২০০৭ সালে। ঘটনা হচ্ছে, রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হওয়া পরে নিজের দেশে কাপ জেতার ব্যাপারে এই মুহূর্তে মারাত্মক চাপে আছে ব্রাজিল।

/এস কে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status