|
জাপানের নতুন সম্রাটের প্রথম অতিথি ট্রাম্প
নতুন সময় ডেস্ক
|
|
জাপানের নতুন সম্রাটের প্রথম অতিথি ট্রাম্প জাপানে চার দিনের সফরে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ট্রাম্প তার সফরসঙ্গী। টোকিওর রাজকীয় প্রাসাদে সোমবার তাদেরকে স্বাগত জানিয়েছেন সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো। বৈঠকের প্রাক্কালে ট্রাম্প বলেন, ‘এটি অত্যন্ত সম্মানজনক।’ এদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সম্ভাব্য মুখোমুখি বৈঠকে বসার সম্মতি দিয়েছেন ট্রাম্প। খবর বিবিসি ও এএফপির। রাষ্ট্রীয় অতিথি হিসেবে জাপান সফরে আসা বিদেশি নেতাদের সম্মানে নৈশভোজ দেয়া এবং তাদের সঙ্গে সম্রাট দম্পতির সাক্ষাৎ করা জাপান সরকারের প্রচলিত এক নিয়ম। বর্তমান সফরে জাপানের সমাজ ও জীবনের নানা দিক ট্রাম্প দম্পতি উপভোগ করছেন। তবে বিশ্বজুড়ে জনপ্রিয় জাপানি খাবার এড়িয়ে যাচ্ছেন তারা। রোববার দুপুরে প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে গলফ ক্লাবে মধ্যাহ্নভোজে বার্গার সরবরাহ করা হয়। টোকিওর রপ্পোঙ্গি এলাকার এক রেস্তরাঁয় নৈশভোজের মেন্যুতে ছিল মাখন মিশ্রিত ঝলসানো আলু, সালাদ, মুরগির মাংসের স্টেক, জাপানের ওয়াগিউ গোমাংসের স্টেক এবং ভ্যানিলা আইসক্রিম। সোমবারের রাতে সম্রাটের নৈশভোজে ছিল ফরাসি মেন্যু। সম্রাটের সঙ্গে সাক্ষাৎ পর্ব শেষে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দেন ট্রাম্প। আবেকে কিমের সঙ্গে বৈঠকে বসার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি আশা করছি উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো সুখবর আসবে। এদিকে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০৫টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে জাপান। ট্রাম্প বলেন, টোকিও এসব যুদ্ধবিমান ক্রয় করলে জাপানে বৃহত্তম ফাইটার বিমানের বহর হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
