ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জবি সংলগ্ন সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আইনজীবীসহ আহত একাধিক
জবি প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 November, 2026, 6:48 PM

জবি সংলগ্ন সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আইনজীবীসহ আহত একাধিক

জবি সংলগ্ন সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আইনজীবীসহ আহত একাধিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সরফরাজ ইসলাম হৃদয় নামে এক আইনজীবীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন আইনজীবী ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৭ থেকে ১৯ মিনিটের মধ্যে আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হলে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে জবি ক্যাম্পাস সংলগ্ন পুরো আদালত এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত আইনজীবী সরফরাজ ইসলাম হৃদয়কে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, আদালত ভবনের ওপর থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বলেন, বিস্ফোরণের পরপরই সেখানকার আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোস (মতান্তরে রাজীব ঘোষ) নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

ঘটনার পরপরই ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন। সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করে বলেন, "স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত রয়েছি।"

উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকেও একইভাবে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সে সময় স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে দেয়। ওই ঘটনায় পরদিন সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন যাতে পরবর্তীতে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status