আধিপত্যবাদ মোকাবিলায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে: ডা. শাহাদাত
ভিনদেশি আধিপত্য মোকাবিলা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে ৭ নভেম্বরের চেতনা ধারণ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চসিকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসী ভূমিকা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় নিজের পরিণতির কথা চিন্তা না করে তিনি স্বাধীনতাকামী মানুষের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এ কারণে তাঁকে কোর্ট মার্শালের মুখোমুখি হতে হতে পারে, এমন আশঙ্কাও ছিল।
তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছিল। ওই ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার ষড়যন্ত্র নস্যাৎ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম রূপকার।
চসিক প্রশাসক আরও বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অর্থনৈতিক মুক্তির ইতিহাসে ৭ নভেম্বরের তাৎপর্য রয়েছে। শহীদ জিয়ার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে ৭ নভেম্বরের বিপ্লবী চেতনা ছড়িয়ে দিতে হবে। দেশপ্রেম, সততা ও আদর্শকে ধারণ করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা উপস্থিত ছিলেন।
এ ছাড়া চসিকের আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াছিন চৌধুরী লিটন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মো. খোরশেদুল আলম, মো. কামরুল ইসলাম ও আনোয়ার হোসেন লিপুসহ চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, বিভিন্ন শাখার প্রধান এবং বিএনপি ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।