ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬ ● ৩ কার্তিক ১৪৩৩
লক্ষ্মীপুরের সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 October, 2026, 10:35 AM

লক্ষ্মীপুরের সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

লক্ষ্মীপুরের সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এবং তার স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার দুদকের চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবীর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধানে নয়নের নামে ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকার এবং তার স্ত্রীর নামে ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকার সম্পদ ও ব্যয়ের সঙ্গে জ্ঞাত আয়ের অসংগতি পাওয়া গেছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ২০২৪ সালের ৪ নভেম্বর নয়নের বিরুদ্ধে একটি অনুসন্ধান দল গঠন করা হয়। অনুসন্ধানে তার নামে ৩৩ লাখ ১৪ হাজার ১৩১ টাকার স্থাবর এবং ১ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ১৯৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ ১ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৩২৫ টাকা।

এ ছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার ২৫৪ টাকা ব্যয়ের তথ্য পাওয়া যায়। সম্পদ ও ব্যয় মিলিয়ে তার মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৫৭৯ টাকা। এর বিপরীতে দায়-ঋণসহ বিভিন্ন খাত থেকে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৯৩ লাখ ৬৭ হাজার ৯৩৭ টাকা। ফলে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকা।

মামলায় অভিযোগ করা হয়েছে, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন নয়ন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, নয়নের স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনার নামে ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৮০০ টাকার স্থাবর এবং ২৪ লাখ ৬৬ হাজার ৪০ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৮৪০ টাকা। এ ছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ ২০ লাখ ৪ হাজার ৭৪৯ টাকা ব্যয়ের তথ্য পাওয়া গেছে। সম্পদ ও ব্যয় মিলিয়ে তার মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকা।

মামলায় নয়নের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

নুরউদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পেশায় লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status