জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার চর্চা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, চরভদ্রাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, নৃত্য, রচনা, হামদ-নাত, গজল ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। দুই দিনব্যাপী (২১ ও ২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি, মাদ্রাসা এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে চরভদ্রাসন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাধিক পুরস্কার অর্জন করে। অপরদিকে সামগ্রিক ফলাফলে চরভদ্রাসন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় দুটি ইভেন্টে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতার ফলাফলে প্রাথমিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টেও শিক্ষার্থীরা কৃতিত্ব দেখিয়েছে। নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও একক অভিনয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।
মাধ্যমিক পর্যায়ের ‘গ’ গ্রুপে নজরুল সংগীতে প্রথম হন চরভদ্রাসন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সারাহ্ তাসনীম সাবিহা। কবিতা আবৃত্তিতে প্রথম হন একই বিদ্যালয়ের সাদিয়া বিনতে রহমান। চিত্রাঙ্কনে প্রথম হন চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের মোছাঃ মীম। একক অভিনয় ও নৃত্যেও চরভদ্রাসন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করে।
‘ঘ’ গ্রুপে নজরুল সংগীতে প্রথম হন চরভদ্রাসন সরকারি উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ আল শাফি। কবিতা আবৃত্তিতে প্রথম হন তৌহিদুজ্জামান এবং একক অভিনয়ে প্রথম হন সম্রাট। চিত্রাঙ্কনে প্রথম হন চরভদ্রাসন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের তাছমিয়া তাবাসসুম।
মাদ্রাসা পর্যায়েও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে সাফল্য অর্জন করেছে। বাহরুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা নজরুলের ইসলামিক সংগীত/গজল, কবিতা আবৃত্তি, হামদ-নাত, রচনা ও উপস্থিত বক্তৃতাসহ একাধিক বিষয়ে প্রথম স্থান অর্জন করে।
কলেজ পর্যায়ে নজরুল সংগীতে প্রথম হন চরভদ্রাসন সরকারি কলেজের কামরুন্নাহার তামান্না তানিশা। নজরুলের কবিতা আবৃত্তিতে প্রথম হন একই কলেজের আলিশা আলম। ‘তারুণ্য ও নজরুল’ বিষয়ে রচনা প্রতিযোগিতায়ও প্রথম হন চরভদ্রাসন সরকারি কলেজের আলিশা আলমগীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ওহিদুজ্জামান মোল্লা, বিএনপির সাবেক সভাপতি শাজাহান শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাকসুদুর রহমান, চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবিক চেতনার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তোলা এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।