|
শ্রীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ নিহত দুই শিশু হলো—৯ বছর বয়সী মো. জুনাইদ ও ৮ বছর বয়সী মো. ইউসুফ। জুনাইদ বিক্রমপুর জেলার বাসিন্দা মো. মামুনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ইউসুফ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এমদাদুল হকের ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্র। স্বজনেরা জানান, দুই শিশু তাদের মা-বাবার সঙ্গে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ইলিমবাড়ি এলাকায় বসবাস করত। মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে স্বজনেরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা আবুল হোসেনের পুকুরপাড়ে দুই শিশুর জুতা পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। পরে ডুবুরি দল পুকুরে অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিটের অভিযানের পর সন্ধ্যা ৬টার দিকে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, ‘দুই শিশু সকালে নিখোঁজ হয়েছিল। বিকেলে পুকুরপাড়ে তাদের জুতা পাওয়া গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল অভিযান চালিয়ে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।’ দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
