ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
জাজিরায় রান্নাঘরে ককটেল বিস্ফোরণ, গৃহবধূ গুরুতর আহত
শাহাজাদী সুলতানা
প্রকাশ: Sunday, 6 September, 2026, 5:53 PM

জাজিরায় রান্নাঘরে ককটেল বিস্ফোরণ, গৃহবধূ গুরুতর আহত

জাজিরায় রান্নাঘরে ককটেল বিস্ফোরণ, গৃহবধূ গুরুতর আহত

শরীয়তপুরের জাজিরায় রান্নাঘরে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণে রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।

 বিস্ফোরণের ঘটনায় রান্নাঘরের টিনের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আশপাশের দুটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত নারীকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। রোকেয়া বেগম ওই বাড়ির মালিক ফারুক ছৈয়ালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্নার কাজে রান্নাঘরে প্রবেশ করেন রোকেয়া বেগম। এ সময় সেখানে রাখা বিপুল পরিমাণ ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের ধাক্কায় রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে পাশের বাঁশবাগানে পড়ে। পাশাপাশি সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত রোকেয়া বেগমকে উদ্ধার করেন। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজ খাঁর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এর আগে গত ১০ আগস্ট একই এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ওই সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন এবং একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়। পরে ককটেল বিস্ফোরণে আহত ৭০ বছর বয়সী মান্নান সরদারের মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ফারুক ছৈয়ালকে রেজাউল শিকদারের সমর্থক বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন। তবে রেজাউল শিকদার এ দাবি সরাসরি নাকচ করে বলেন, ফারুক তার মিছিল-মিটিংয়ে অংশ নিতে পারেন, আবার নিজ ইউনিয়নের রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিতে পারেন। তাই তাকে সরাসরি নিজের সমর্থক বলা ঠিক হবে না। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন বলেও জানান।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহম্মেদ বলেন, দুপুরে রোকেয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে বিস্ফোরণে আহত হওয়ার মতো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ বলেন, রান্নাঘরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত থাকার বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি একজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ককটেলগুলো কারা, কী উদ্দেশ্যে সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status