|
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন সময় প্রতিবেদক
|
![]() সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান শিপলু এ তথ্য জানান। বৈঠকে ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উত্থাপিত তিনটি বিকল্প প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চুলচেরা বিশ্লেষণ শেষে সওজের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা) রুটটি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই রুটের বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি প্রয়োজনীয় অংশে নতুন সংযোগ সড়ক নির্মাণ করা হবে।রুটটিতে তিনটি ছোট সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়কব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন। তিনি প্রকল্পটি দ্রুততার সঙ্গে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন। নদীবেষ্টিত ভোলার বাসিন্দাদের দীর্ঘদিনের নৌপথনির্ভরতা কাটিয়ে এই মহাসড়কটি চালু হলে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর বরিশালের সঙ্গে যাতায়াতের সময় ও ব্যয় উল্লেখযোগ্য হারে কমে আসবে। বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সওজের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
