ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
আওয়ামীপন্থি আইনজীবীদের কালো ব্যাজ ধারণ, বিএনপির উপস্থিতিতে ছত্রভঙ্গ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 August, 2026, 10:21 PM

আওয়ামীপন্থি আইনজীবীদের কালো ব্যাজ ধারণ, বিএনপির উপস্থিতিতে ছত্রভঙ্গ

আওয়ামীপন্থি আইনজীবীদের কালো ব্যাজ ধারণ, বিএনপির উপস্থিতিতে ছত্রভঙ্গ

আদালতে প্রায় অর্ধশতাধিক আওয়ামীপন্থি আইনজীবী ১৫ আগস্ট উপলক্ষে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে। জয় বাংলা স্লোগানসহ মৌন মিছিল করেন তারা। এসময় বিএনপিপন্থী আইনজীবীদের উপস্থিতিতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে দেখা যায় তাদের।

সোমবার (৩ আগস্ট) ঢাকা জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আওয়ামীপন্থি কয়েকজন আইনজীবীকে বিএনপিপন্থিরা আটক করেছে বলেও জানা গেছে।

এদিকে কর্মসূচি পালনের সময় আওয়ামীপন্থি আইনজীবী ওবাইদুল ইসলাম বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সেই কালো রাতে তার সপরিবারে হত্যার শিকার হয়েছিল, তার প্রতিবাদে আমরা আজ কালো ব্যাজ পরে শোক দিবস পালন করছি।’

আরেক আইনজীবী শামীম আল সাইফুল সোহাগ বলেন, ‘এই আগস্টে আমরা বঙ্গবন্ধুসহ পুরো শহীদ পরিবারকে স্মরণ করি। এই ১৫ আগস্টকে শক্তিতে রূপান্তরিত করতে চাই আমরা। একটি সুন্দর বাংলাদেশকে যেভাবে ধ্বংস করা হয়েছে, তার প্রতিবাদ জানাই।’ এছাড়া আইনজীবী গোলাম রাব্বানী বলেন, ‘আমরা পুরো এই মাস জুড়ে আদালতে শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করতে চাই।’

এরপর আইনজীবীরা কালো ব্যাজ ধারণসহ কয়েকজন জয় বাংলা স্লোগানও দেন। পরবর্তীতে ঢাকা জেলা প্রশাসনের প্রাঙ্গণে মৌন মিছিল করেন প্রায় অর্ধশতাধিক আওয়ামীপন্থি আইনজীবী। এসময় খবর পেয়ে সেখানে হাজির হন বিএনপিপন্থি আইনজীবীরা।

তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সদস্য সচিব নিহার হোসেন ফারুক, ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ইলতুতমিশ সওদাগর এ্যানি, ঢাকার বার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক তানভীর হাসান সোহেলসহ বিভিন্ন নেত্রীবৃন্দরা হাজির হন। এসময় তাদের উপস্থিতিতে ছত্রভঙ্গ হয়ে যায় আওয়ামী লীগের কর্মসূচি। অনেকে দ্রুত সটকে যান। তবে কয়েকজনকে আটক করেন বিএনপিপন্থী আইনজীবীরা। আওয়ামী লীগের একজন আইনজীবীকে মাটিতে লুটিয়ে পড়তেও দেখা যায়।

বিএনপিপন্থি আইনজীবীরা পাল্টা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সদস্য সচিব নিহার হোসেন ফারুক বলেন, ‘কোর্ট প্রাঙ্গণে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা আইনজীবী সেজে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। তারা যাতে কোর্টে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে নিবারণ করার চেষ্টা করছি। আমরা সজাগ রয়েছি।’

ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ইলতুতমিশ সওদাগর এ্যানি বলেন, ‘আমরা জানতে পেয়েছি যে, গুপ্ত একটি সংগঠন এইখানে হঠাৎ করে এসে জড়ো হয়েছে। ডিসি অফিসের সামনে তারা কালো ব্যাজ ধারণ করে একটা মিছিল করেছে। আমরা অবগত হওয়ার সাথে সাথে ঢাকা বার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ সাধারণ আইনজীবীদেরকে সঙ্গে নিয়ে এখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা এই অবস্থান ত্যাগ করে পালিয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে মিছিল করেছি। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘ডিসির কম্পাউন্ডে আজকে তারা কীভাবে এসে জড়ো হয়েছে, সেটার ব্যাপারে আমরা ডিসি ও এসপির সঙ্গে কথা বলবো। আমি মনে করি প্রশাসনের গাফিলতি আছে। না হলে এই নিষিদ্ধ গুপ্ত সংগঠন আজকে এইখানে মিটিং-মিছিল করার মতো সুযোগ পেতো না।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status