ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি, মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 July, 2026, 10:47 AM

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি, মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি, মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়া এয়ারকন্ডিশনার (এসি), রেফ্রিজারেটর, গিজার, ব্লেন্ডারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বিক্রির দায়ে রাজধানীর মতিঝিলে অবস্থিত ‘বেস্ট ইলেকট্রনিক্স’কে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) মতিঝিল বাণিজ্যিক এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে পরিচালিত এই অভিযানে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম নেতৃত্ব দেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বিএসটিআই সূত্র জানায়, মতিঝিল বাণিজ্যিক এলাকার ৭১ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত বেস্ট ইলেকট্রনিক্সে অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের বাধ্যতামূলক সনদ বা অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করছে। এর মধ্যে এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, গিজার, ব্লেন্ডারসহ একাধিক পণ্য ছিল, যেগুলোর ক্ষেত্রে বিএসটিআইয়ের মানসনদ বাধ্যতামূলক।

এ ধরনের কার্যক্রমকে ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর লঙ্ঘন হিসেবে বিবেচনা করে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার পুরো অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ঢাকা অফিসের ফিল্ড অফিসার (সিএম) এ এন এম ফরহাদ হোসেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন।

বিএসটিআই বলছে, বাজারে নিম্নমানের, অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ পণ্য বিক্রি রোধে সংস্থার নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে যেসব পণ্যের ক্ষেত্রে বিএসটিআইয়ের মানসনদ বাধ্যতামূলক, সেসব পণ্য অনুমোদন ছাড়া উৎপাদন, আমদানি, মজুত, বিক্রি বা বাজারজাত করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংস্থাটি আরও জানায়, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে মানসম্পন্ন পণ্যের সরবরাহ বজায় রাখতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একই সঙ্গে ক্রেতাদের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়ে বিএসটিআই বলেছে, ইলেকট্রনিক্স বা নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য কেনার আগে অবশ্যই পণ্যে বিএসটিআইয়ের অনুমোদিত স্ট্যান্ডার্ড মার্ক (এসএম) রয়েছে কি না, তা যাচাই করা উচিত। এতে একদিকে যেমন নিরাপদ ও মানসম্মত পণ্য ব্যবহারের নিশ্চয়তা মিলবে, অন্যদিকে অনুমোদনহীন ও নিম্নমানের পণ্যের বাজারও নিরুৎসাহিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status