জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তর্কের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া ভিডিওতে দেখা যায়, বিজিবি তাকে ঠেলে বিএসএফের সঙ্গে পাঠাচ্ছে, আবার বিএসএফ ঠেলে বাংলাদেশের দিকে পাঠাচ্ছে।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝখানে পড়ে প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করেন ষষ্টি চন্দ্র বর্মন নামে ওই বৃদ্ধ। তিনি বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, ষষ্টি চন্দ্র বর্মন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করে বিজিবি। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিচয় যাচাই-বাছাই করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
এর আগে কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় সীমান্তজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নেয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, ষষ্টি চন্দ্র বর্মনকে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত বা বক্তব্য দেওয়া হয়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।