রামুতে প্রধান সড়কে গাড়ি পার্কিং , বাড়ছে দূর্ঘটনা ও দুর্ভোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 7:36 PM
রামুতে প্রধান সড়কে গাড়ি পার্কিং , বাড়ছে দূর্ঘটনা ও দুর্ভোগ
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস ফুটবল চত্বরের ত্রিভুজ আকৃতির জনগুরুত্বপূর্ণ বহুমুখী ষ্টেশনটিতে মারাত্মক যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি কক্সবাজার সৈকত শহরে পৌঁছার শেষ টার্নিং পয়েন্ট এই ফুটবল চত্বর স্টেশন।
ঢাকা চট্টগ্রাম সহ দেশের সকল বিভাগীয় ও সীমান্ত শহরে পৌঁছার অর্ধশত বিলাস বহুল যাত্রীবাহী গাড়ীগুলোর টিকেট কাউন্টার রয়েছে এই স্টেশনে।
বৃটিশ আমলের আরাকান সড়কটি রামু কক্সবাজার বাইপাস ফুটবল চত্বরের সাথে সংযুক্ত। উপজেলার ৬/৭ টি ইউনিয়নের মালামাল ও যাত্রী পরিবহন এই সড়ক দিয়েই হয়। ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আসা সকল যান বাহনের প্রবেশ দ্বারও এই ফুটবল চত্বর দিয়ে।
এই মহাসড়কে প্রতিদিন দূর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ হারানোর ঘটনা অহরহ। ফুটবল চত্বরেও প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনা ঘটেই চলছে।
বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এই মহাসড়কে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকা অনেকগুলো মিনি ট্রাক, পিকআপ, বাস, সিএনজিসহ বিভিন্ন মালবাহী ও যাত্রীবাহী গাড়ী। এ যেন অঘোষিত একটি গাড়ি টার্মিনাল। দাঁড়িয়ে থাকা এসব গাড়ীগুলো মহাসড়কের অর্ধেক জায়গা দখলে নিয়ে সড়কটিকে একটি সরু গলিতে পরিণত করেছে। সড়কের একপাশে বিভিন্ন প্রকারের যানবাহনের সারি অপর পাশে ফুটবল চত্বরের ত্রিভুজি উঁচু আইল্যান্ড রয়েছে।
সৃষ্ট সরু গলিতে দুইটি গাড়ি নিজ গতিতে ক্রস হতে বা অতিক্রম করতে প্রতিনিয়ত চরম ঝুঁকিতে পড়ছে। এছাড়াও, এর লাগোয়া পশ্চিম পাশে নাহার ফিলিং স্টেশনে আশ্রয় নেওয়া একই গাড়ীর সারিবদ্ধ লাইন এবং কক্সবাজার শহরের যাত্রী উঠানোর জন্য অপেক্ষমান সিএনজি স্টেশন আর ঐ ফিলিং স্টেশনে তেল গ্যাস নিতে আসা অসংখ্য গাড়ীর হ-য-ব-র-ল চলাচল।
এই ঘুমন্ত গাড়ীগুলোর পিছনে আংশিক খালী রাস্তায় পথচারী আর স্হানীয় শ্রমিকরা প্রস্রাব পায়খানা করে ও ময়লা আবর্জনা ফেলে দূর্গন্ধময় ময়লার ভাগাড়ে পরিণত করেছে। যাহা জনস্বাস্থ্য ও পরিবেশের মারাত্মক বিপর্যয় ডেকে আনছে।
মহাসড়কের গুরুত্বপূর্ণ যাত্রীবহুল এই পয়েন্টে অসংখ্য গাড়ীর ভীড়ে এমন একটি অনাকাঙ্খিত গাড়ীবহর সড়কের উপর নিত্য বিশ্রাম নেওয়াটা খুবই অযৌক্তিক ও দূর্ঘটনা প্রবণ বলে মনে করছেন স্হানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা। এছাড়াও, পার্শ্ববর্তী রামু সরকারী কলেজ, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, রামু পাবলিক স্কুল এন্ড কলেজ ও মানারাতুল উম্মা মডেল মাদ্রাসা গুলোতে পায়ে হেঁটে আসা যাওয়া করা স্হানীয় ছাত্র ছাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছেন। এমনকি, ঐসব বন্ধ গাড়ী সমুহের আশেপাশে অবস্হানরত শ্রমিকদের দ্বারা কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত ইভটিজিংয়ের শিকার হতেও দেখা যায়।
এব্যাপারে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনগুরুত্বপুর্ন এই পয়েন্টে অনাকাঙ্খিত যানযট সৃষ্ঠি করা চরম অপরাধ। অতি দ্রুত সময়ের মধ্যে ব্যাবস্থা নেওয়া হবে।
মহাসড়কের ত্রিভুজি এই বহুমুখী স্টেশনটি তথা রামু ফুটবল চত্বরের যানজট নিরসনকল্পে নিত্য বিশ্রামে থাকা গাড়িগুলোর এই অঘোষিত টার্মিনাল অপসারণ করে যান চলাচলের সুবিধাসহ দূর্ঘটনার কবল থেকে রক্ষা করার জন্য স্হানীয় উপজেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন রামুর সচেতন মহল।